বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে জার্মানি। একই সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো এবং নতুন বিনিয়োগের ক্ষেত্র চিহ্নিত করতে একযোগে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ।
জার্মানির রাজধানী বার্লিনে দেশটির পার্লামেন্ট বুন্ডেস্টাগের উন্নয়ন কমিটির সদস্য নিকোলাস জিপেলিয়াসের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শুক্রবার (২৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তির অভিবাসন, মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন, শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন সুযোগ নিয়েও মতবিনিময় করেন তারা।
দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও গতিশীল করতে নতুন সম্ভাবনাময় খাত অনুসন্ধান, ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়, ভিসা প্রক্রিয়া সহজীকরণ, রপ্তানি পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি এবং ব্যবসায়ী সংগঠনগুলোর পারস্পরিক যোগাযোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ।
এ সময় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই), সৃজনশীল অর্থনীতি, নারীর ক্ষমতায়ন, সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক এবং যুব বিনিময়ের ক্ষেত্রেও সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বৈঠকে রোহিঙ্গা সংকটের বিষয়টিও গুরুত্ব পায়। এ সময় রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে জার্মানির সহযোগিতা কামনা করেন শামা ওবায়েদ ইসলাম।
পাশাপাশি দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশ-জার্মানি পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের বিষয়েও আলোচনা হয়। বৈঠকে প্রতিমন্ত্রী জার্মানির সংসদ সদস্যদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে আগামী বছর একটি প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন নিকোলাস জিপেলিয়াস।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.