পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে দুই দিনের ব্যবধানে নিরাপত্তা বাহিনীর ওপর দুটি পৃথক সশস্ত্র হামলায় অন্তত ২৪ সেনাসদস্য নিহত হয়েছেন। সর্বশেষ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় সানাম শহরে ন্যাশনাল গার্ডের একটি ক্যাম্পে হামলায় ১৩ সেনাসদস্য নিহত ও আরও ২০ জন আহত হয়েছেন।
নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিপুলসংখ্যক ভারী অস্ত্রধারী হামলাকারী সেনা ক্যাম্পে আক্রমণ চালায়। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে।
মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাব অনুযায়ী, হামলায় ১৩ সেনাসদস্য নিহত ও ২০ জন আহত হয়েছেন। সেনাবাহিনীর পাল্টা অভিযানে বেশ কয়েকজন হামলাকারী নিহত হয়েছেন। এ ছাড়া তাদের রসদ ও সরঞ্জাম সরবরাহের অবকাঠামো ধ্বংস করা হয়েছে।
পালিয়ে যাওয়া হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম অ্যাক্টুনাইজারকে বাসিন্দা ও নিরাপত্তা সূত্র জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ হামলা চালানো হয়।
সানাম শহরটি নাইজারের তিলাবেরি অঞ্চলে অবস্থিত। মালির সীমান্তবর্তী এ এলাকায় প্রায়ই সশস্ত্র গোষ্ঠীগুলো নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। তবে সর্বশেষ হামলার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এর মাত্র দুই দিন আগে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ডিফা অঞ্চলে আরেকটি হামলায় ১১ সেনাসদস্য নিহত হন। ওই হামলার জন্য জঙ্গিগোষ্ঠী বোকো হারামকে দায়ী করেছিল নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
দুই হামলায় প্রাণহানির ঘটনায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.