প্রবাসীদের মরদেহ দেশে আনার খরচের অর্ধেক বহন করবে সরকার: শ্রমমন্ত্রী

বিদেশে মারা যাওয়া প্রবাসী বাংলাদেশিদের মরদেহ দেশে আনার খরচের ৫০ শতাংশ বহনের পরিকল্পনা করছে সরকার। মন্ত্রিসভায় অনুমোদন পেলে শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, লন্ডন, যুক্তরাষ্ট্র, কানাডাসহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে কোনো বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হলে তাঁর মরদেহ দেশে আনার খরচের অর্ধেক সরকার বহন করার পরিকল্পনা করছে।

এ ছাড়া মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো রিক্রুটিং এজেন্সি অযোগ্য কর্মীকে যোগ্য দেখিয়ে পাঠালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্সও বাতিল করা হতে পারে বলে জানান তিনি।

প্রবাসীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি হাসপাতালে তাঁদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার উদ্যোগ রয়েছে বলেও জানান শ্রমমন্ত্রী। পাশাপাশি প্রবাসীদের আইনি সহায়তা দিতে ল’ ফার্ম নিয়োগের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

সিলেটের জালালাবাদ অ্যাসোসিয়েশন আয়োজিত ওই অনুষ্ঠানে সিলেটের পর্যটনকেন্দ্রগুলো ঘিরে কর্মসংস্থানের নতুন সম্ভাবনার কথাও তুলে ধরেন আরিফুল হক চৌধুরী।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.