ঢাকায় ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১৭ জন

রাজধানীজুড়ে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) ডিএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনভর রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, অভিযানে সবচেয়ে বেশি ১৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে মিরপুর বিভাগ থেকে। এ ছাড়া ওয়ারী বিভাগে ৮০ জন, তেজগাঁও বিভাগে ৭৬ জন, মতিঝিল বিভাগে ৫৭ জন, লালবাগ বিভাগে ৪৭ জন, গুলশান বিভাগে ৪৫ জন, উত্তরা বিভাগে ৪১ জন এবং রমনা বিভাগে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) তিনজন এবং স্পেশাল রিজার্ভ ইউনিট (এসআরইউ) একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল এবং চারটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা অন্যান্য আলামতের মধ্যে রয়েছে ১২ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৯ হাজার ১৫৮ পিস ইয়াবা, একটি বাস, ব্যাংকের তিনটি কার্ড, ১১টি মোবাইল ফোন এবং নগদ ১২ হাজার ৯৬৫ টাকা। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.