সোনার দামে ফের ঊর্ধ্বগতি, ২ লাখের কাছাকাছি ভরি

দেশের বাজারে সোনার গহনার দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা, যা ২ লাখ টাকার প্রায় কাছাকাছি।

শুক্রবার (২৭ নভেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস।

এদিন বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৯৯২ টাকা বাড়িয়ে ১ লাখ ৯০ হাজার ৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ৮৭৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ৭০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা।

সোনার দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৩৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করেছিল বাজুস। তার আগের দিন ২৫ নভেম্বর দাম কমানো হয়েছিল ২ হাজার ৮৫৮ টাকা। তবে ২৪ নভেম্বর ১ হাজার ৫৭৫ টাকা এবং ২৩ নভেম্বর ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়েছিল। ফলে কয়েক দিনের ব্যবধানে দফায় দফায় দাম বাড়ানো ও কমানোর পর আবারও ঊর্ধ্বমুখী হলো সোনার বাজার।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.