বিদেশের মাটিতে বাংলাদেশের মর্যাদা রক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারি উদ্যোগে প্রায় বিনা খরচে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রথম ফ্লাইটে ১১২ জন কর্মী মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেছেন। পর্যায়ক্রমে দেশটিতে প্রায় ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে সরকারের। প্রথম ফ্লাইটের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বিদেশের মাটিতে বাংলাদেশের মর্যাদা ও ভাবমূর্তি রক্ষায় প্রবাসী কর্মীদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় গিয়ে কর্মীদের দেশটির সংস্কৃতি, আইন ও নিয়মকানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, যাতে বিদেশের মাটিতে বাংলাদেশের সম্মান অক্ষুণ্ণ থাকে।

মালয়েশিয়ার শ্রমবাজার দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত হওয়ায় দেশটির সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে কর্মীদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি ভাষা শেখার ওপর গুরুত্ব দিতে হবে। আগামী কয়েক মাসের মধ্যে সম্ভাব্য অভিবাসী কর্মীদের জন্য ভাষা শিক্ষার কার্যক্রম শুরু করা হবে। বিদেশে কাজ করতে যাওয়ার আগে কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও প্রস্তুতি থাকা জরুরি। দক্ষতা ও ভাষাগত যোগ্যতা থাকলে তারা কর্মক্ষেত্রে ভালো করতে পারবেন এবং দেশের জন্যও ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক এবং মন্ত্রী আরিফুল হক চৌধুরী বক্তব্য দেন। তারা মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নতুন উদ্যোগ এবং অভিবাসন প্রক্রিয়া সহজ করার বিষয়ে কথা বলেন অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিদেশগামী কর্মীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং তাদের হাতে প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেন।

সরকারি উদ্যোগে প্রায় বিনা খরচে কর্মী পাঠানোর এ কার্যক্রমকে বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, পরিকল্পনা অনুযায়ী কর্মী পাঠানো সম্ভব হলে দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.