ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য ক্যাম্পাসে ক্যাশলেস লেনদেনের সব ধরনের সেবা সহজলভ্য করতে ‘এক্সপেরিয়েন্স জোন’ চালু করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। এর ফলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকেই বিকাশের বিভিন্ন সেবা নিতে পারবেন ব্যবহারকারীরা।
পাশাপাশি ক্যাম্পাসকে পুরোপুরি ক্যাশলেস করার লক্ষ্যে বিকাশের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। এর আওতায় সেমিস্টার ফি থেকে শুরু করে ক্যান্টিনের কেনাকাটাসহ ক্যাম্পাসের বিভিন্ন আর্থিক লেনদেন বিকাশের মাধ্যমে করার সুযোগ তৈরি হবে।
সম্প্রতি রাজধানীর বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক্সপেরিয়েন্স জোনটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর। এ সময় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম, রেজিস্ট্রার ডেভিড অস্টিন ডাউল্যান্ড, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. মাশরুর রহিম সাদাত, যুগ্ম পরিচালক আজহারুল ইসলাম ভূঁইয়া এবং বিকাশের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আলী আহম্মেদ, প্রধান বিপণন কর্মকর্তা মীর নওবত আলীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের ২০ হাজারের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীকে সেবা দেওয়ার লক্ষ্যে এ এক্সপেরিয়েন্স জোন প্রতিষ্ঠা করা হয়েছে। এখান থেকে ক্যাশ-ইন, ক্যাশ-আউট, অ্যাকাউন্ট নিবন্ধন, সঞ্চয়, সহায়তাপ্রাপ্ত ক্ষুদ্রঋণ ও প্রবাসী আয় গ্রহণসহ বিভিন্ন সেবা পাওয়া যাবে। এ ছাড়া পিন পুনর্নির্ধারণ ও অ্যাকাউন্ট আনব্লক, গ্রাহকের তথ্য হালনাগাদ, অ্যাকাউন্ট সচল করা এবং হিসাব বিবরণী সংগ্রহসহ বিকাশ অ্যাকাউন্ট-সংক্রান্ত অন্যান্য সেবাও মিলবে।
ক্যাম্পাসের সব ধরনের লেনদেন ক্যাশলেস করার উদ্যোগের আওতায় শিক্ষার্থীরা সেমিস্টার ফি, লাইব্রেরি ফি, ল্যাব ফি, কার্যক্রম ফি ও যাতায়াত ফিসহ বিভিন্ন ফি বিকাশের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। একইভাবে ক্যাফেটেরিয়া, ক্যান্টিন ও স্টেশনারি দোকানের বিলও দেওয়া যাবে বিকাশে। এতে নগদ টাকা বহনের প্রয়োজন কমার পাশাপাশি ক্যাম্পাসের দৈনন্দিন ছোট-বড় লেনদেন আরও দ্রুত ও সহজ হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ ডিজিটাল লেনদেনের অভ্যাস গড়ে উঠবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও আর্থিক ব্যবস্থাপনাতেও স্বচ্ছতা ও গতিশীলতা আসবে বলে আশা করছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটি।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার বলেন, পুরোপুরি ক্যাশলেস ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। সেমিস্টার ফি থেকে শুরু করে ক্যাম্পাসের ছোট-বড় সব ধরনের লেনদেন ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে বিকাশের সঙ্গে এই যৌথ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষার্থীদের ডিজিটাল লেনদেনে অভ্যস্ত করতেও দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে।
বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, ক্যাশলেস ক্যাম্পাসের এই উদ্যোগ অনুপ্রেরণাদায়ক। গ্রাহকের প্রকৃত চাহিদা ও সমস্যা চিহ্নিত করতে পারলেই কার্যকর সমাধান তৈরি করা সম্ভব। শুরুতে মানুষের জরুরি আর্থিক প্রয়োজন মেটানোর মাধ্যমে মোবাইল আর্থিক সেবার প্রসার ঘটলেও বর্তমানে তা দৈনন্দিন লেনদেনের পাশাপাশি আরও কার্যকর আর্থিক সেবা গ্রহণের সুযোগ তৈরি করেছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নেওয়া এ উদ্যোগ ভবিষ্যতে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ক্যাশলেস ব্যবস্থা সম্প্রসারণের ক্ষেত্রে কার্যকর উদাহরণ হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, বিকাশের মাধ্যমে ঘরে বসেই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অনলাইন কোর্স ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের শিক্ষাবিষয়ক ফি পরিশোধ করা যায়। এতে ফি জমা দিতে শিক্ষার্থী বা অভিভাবকদের শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে লাইনে দাঁড়ানোর প্রয়োজন হয় না। ফি পরিশোধের পর তাৎক্ষণিক বিজ্ঞপ্তি ও ডিজিটাল রসিদও পাওয়া যায়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.