আসন্ন রমজানে বাজারে ফলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম নিয়ন্ত্রণে রাখতে খেজুর, আপেল ও কমলা আমদানিতে শুল্ক-কর কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। অন্যদিকে আপেল ও কমলা আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার জারি করা এনবিআরের এক প্রজ্ঞাপনে শুল্ক-কর কমানোর এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ কার্যকর থাকবে। এতে পণ্যটির আমদানিতে মোট করভার ৪৮ শতাংশ থেকে কমে ২৫ শতাংশে দাঁড়াবে।
অন্যদিকে আপেল ও কমলা আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি সম্পূরক শুল্ক ও ভ্যাট ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। নতুন এ ব্যবস্থায় ফল দুটির আমদানিতে মোট শুল্ক-কর ১২১ শতাংশ থেকে কমে ৪৮ শতাংশ হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আপেল ও কমলার ক্ষেত্রে শুল্ক-কর ছাড়ের নতুন হার ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। এনবিআরের প্রত্যাশা, শুল্ক কমানোর ফলে এসব ফলের আমদানি ও সরবরাহ বাড়বে। এতে রমজানে বাজারে দাম নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়তে পারে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আমদানি-নির্ভর এসব ফলের শুল্ক কমানোর সিদ্ধান্ত কয়েক দিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়।
এদিকে ঢাকার বাজারে বর্তমানে মানভেদে প্রতি কেজি খেজুর ২০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি আপেলের দাম ৩০০ থেকে ৫০০ টাকা এবং কমলার দাম ৪০০ থেকে ৬০০ টাকা। রমজানের আগে শুল্ক কমানোর এ সিদ্ধান্তের ফলে আমদানি ও সরবরাহ বাড়লে ভোক্তারা কিছুটা স্বস্তি পেতে পারেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.