বাংলাদেশের বাজারে তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরাসংবলিত নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে এসেছে প্রযুক্তি ব্র্যান্ড অপো। বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর মতিঝিলে অবস্থিত অপোর ফ্ল্যাগশিপ স্টোরে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন করেছে প্রতিষ্ঠানটি। স্মার্টফোনটিতে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল হ্যাসেলব্লাড ক্যামেরা সিস্টেম যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে অপো।
ফার্স্ট সেল অনুষ্ঠানে অপোর ঊর্ধ্বতন কর্মকর্তারা, গণমাধ্যমকর্মী, ডিজিটাল ইনফ্লুয়েন্সার এবং নতুন ফোনটির ক্রেতারা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রিমিয়াম প্রযুক্তি ও উন্নত ফটোগ্রাফির অভিজ্ঞতা দেওয়ার পাশাপাশি স্মার্টফোন, ট্যাবলেট, ইয়ারবাড ও স্মার্টওয়াচের সমন্বয়ে নিজেদের প্রযুক্তিপণ্যের ইকোসিস্টেম সম্প্রসারণেও কাজ করছে তারা।
ফোনটির অন্যতম প্রধান আকর্ষণ ট্রিপল ২০০ মেগাপিক্সেল হ্যাসেলব্লাড ক্যামেরা ব্যবস্থা। এতে ২০০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার পাশাপাশি ২০০ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ও টেলিফটো ক্যামেরা রয়েছে। হ্যাসেলব্লাডের সঙ্গে যৌথভাবে তৈরি এই ক্যামেরা ব্যবস্থায় উন্নত ইমেজিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে বিস্তৃত প্রাকৃতিক দৃশ্য থেকে দূরের বস্তু কিংবা দৈনন্দিন মুহূর্তের ছবি আরও বিস্তারিতভাবে ধারণ করা সম্ভব হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। অপোর ‘ট্রু টু আইজ’ ইমেজিং দর্শনের ভিত্তিতে তৈরি ফোনটিতে রয়েছে পরবর্তী প্রজন্মের লুমো ট্রু ইমেজ ইঞ্জিন। এর লক্ষ্য ছবিতে স্বাভাবিক রং, আলোর প্রতিফলন ও সূক্ষ্ম বিবরণ ধরে রাখা।
ফোনটির কালার প্রযুক্তিতে রয়েছে বিশেষ ‘ট্রু কালার ক্যামেরা’, যাতে ২৪-চ্যানেল মাল্টিস্পেকট্রাল সেন্সিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। প্রচলিত ক্যামেরা যেখানে মূলত লাল, সবুজ ও নীল রঙের তথ্যের ওপর নির্ভর করে, সেখানে এই প্রযুক্তি আশপাশের আলোর অতিরিক্ত বর্ণালি তথ্য সংগ্রহ করতে পারে। ফলে মিশ্র আলোর মতো জটিল পরিবেশেও রঙের সূক্ষ্ম পার্থক্য শনাক্ত করা সহজ হয়। এই তথ্যের ভিত্তিতে লুমো ট্রু কালার ইঞ্জিন রং ও হোয়াইট ব্যালান্স আরও নিখুঁতভাবে সমন্বয় করতে পারে। এতে ত্বকের রং, আকাশ ও সবুজ প্রকৃতির স্বাভাবিক রূপ ফুটিয়ে তোলার পাশাপাশি অতিরিক্ত স্যাচুরেশন এড়ানো সম্ভব হয়।
এছাড়া ক্যামেরা ব্যবস্থায় ১৫ ইভি পর্যন্ত আল্ট্রা-হাই ডায়নামিক রেঞ্জ রয়েছে। এর মাধ্যমে উজ্জ্বল আলো ও অন্ধকার অংশের বিস্তারিত তথ্য ধরে রাখা যায়। লুমো ন্যাচারাল টোন ইঞ্জিন আলো ও ছায়ার ভারসাম্য বজায় রাখতে কাজ করে। অন্যদিকে, লুমো হাইপার পিক্সেল ইঞ্জিন কৃত্রিম শার্পেনিং কমিয়ে ছবির সূক্ষ্ম বিবরণ ও টেক্সচার অক্ষুণ্ণ রাখতে সহায়তা করে। ভিডিও ধারণের ক্ষেত্রেও রয়েছে বেশ কিছু উন্নত সুবিধা। ফোনটিতে প্রতি সেকেন্ডে ৩০ ফ্রেমে ৮কে এবং ১২০ ফ্রেম পর্যন্ত ৪কে ভিডিও ধারণের সুবিধা রয়েছে। পাশাপাশি ৪কে ডলবি ভিশন ও ওপেন গেট ক্যাপচার প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এসব সুবিধা কনটেন্ট নির্মাতাদের ভিডিও ধারণ, সম্পাদনা ও বিভিন্ন মাধ্যমে ব্যবহারের ক্ষেত্রে বাড়তি স্বাধীনতা দেবে বলে জানিয়েছে অপো।
ক্যামেরার পাশাপাশি ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৬০০ প্রো চিপসেট, ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ। এতে ৬ দশমিক ৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে এবং ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। দ্রুত চার্জের জন্য রয়েছে ৮০ ওয়াট সুপারভুক তারযুক্ত এবং ৫০ ওয়াট এয়ারভুক তারবিহীন চার্জিং সুবিধা।
স্মার্টফোনের পাশাপাশি ট্যাবলেট, ইয়ারবাড ও স্মার্টওয়াচের মতো পণ্য নিয়ে নিজেদের প্রযুক্তিপণ্যের পরিসর বাড়াচ্ছে অপো। প্রতিষ্ঠানটির লক্ষ্য, বিভিন্ন ডিভাইসের মধ্যে সংযোগের মাধ্যমে ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনে আরও সহজ ও সমন্বিত প্রযুক্তি অভিজ্ঞতা নিশ্চিত করা। এ ধারাবাহিকতায় বাংলাদেশে ভবিষ্যতে আরও উন্নত ফ্ল্যাগশিপ স্মার্টফোন ও উদ্ভাবনী আইওটি পণ্য আনার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং বলেন, আজ অপোর জন্য বিশেষ দিন। কারণ, বাংলাদেশে ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন করা হচ্ছে। বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল হ্যাসেলব্লাড ক্যামেরা সিস্টেম এবং ‘ট্রু টু আইজ’ ইমেজিং দর্শনের মাধ্যমে ক্রেতাদের জন্য ফটোগ্রাফির নতুন দিগন্ত উন্মোচন করেছে অপো। তিনি বলেন, অপো এখন আর শুধু স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান নয়। ট্যাবলেট, ইয়ারবাড ও স্মার্টওয়াচের মতো পণ্য নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রযুক্তিগত ইকোসিস্টেম গড়ে তুলছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে বাংলাদেশে আরও উন্নত ফ্ল্যাগশিপ স্মার্টফোন ও উদ্ভাবনী আইওটি পণ্য আনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে ক্রেতাদের দৈনন্দিন জীবন আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলাই তাদের লক্ষ্য।
ফার্স্ট সেল আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশে ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের বাণিজ্যিক যাত্রা শুরু হয়েছে। অপো জানিয়েছে, ফোনটি রাজধানীর মতিঝিলে অবস্থিত তাদের ফ্ল্যাগশিপ স্টোরসহ সারা দেশের অনুমোদিত বিক্রয়কেন্দ্রে পাওয়া যাচ্ছে। লুনা হোয়াইট ও টাইটানিয়াম গ্রে—এই দুই রঙে পাওয়া যাচ্ছে ফোনটির ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ সংস্করণ। এর দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৯৯৯ টাকা।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.