ঢাকাসহ আট জেলায় নিরাপত্তা জোরদার, মাঠে ১০৮ প্লাটুন বিজিবি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া প্রয়োজনে মোতায়েনের জন্য আরও ৪ প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে।

মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন এবং কক্সবাজারে ১ প্লাটুন রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় এসব বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা দায়িত্ব পালন করছেন।

গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারের পাশাপাশি নজরদারি চালাচ্ছেন বিজিবি সদস্যরা। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে তাদের বিশেষ নজর রয়েছে।

এদিকে, বিজিবি সদর দপ্তরে স্থাপিত মনিটরিং সেলের মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

সীমান্তের দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায়ও কাজ করছে বিজিবি। জননিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের স্বাভাবিক চলাচল বজায় রাখতে এ কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.