শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বৃদ্ধি, পেশাজীবনের প্রস্তুতি ও দক্ষতা উন্নয়নে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়টিতে ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক বিশেষ আয়োজন করেছে ব্যাংকটি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যাংকার ও শিক্ষার্থীরা অংশ নেন। তরুণদের আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং কর্মজীবনের জন্য প্রস্তুত করার লক্ষ্যে প্রাইম ব্যাংকের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং শায়লা আবেদিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান এবং ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন নাবিলা খালিদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ডিআইইউর পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. মোহাম্মদ শাহ আলম চৌধুরী। এতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম এবং সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা। তারা তরুণদের বিকাশ, উচ্চশিক্ষা ও কর্মজীবনের সম্ভাবনা নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। উদ্বোধনী পর্ব শেষে প্রাইম ব্যাংক ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য সমন্বিত ব্যাংকিং সেবা চালুর উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে মূল বক্তব্য দেন শায়লা আবেদিন। নিজের পেশাগত অভিজ্ঞতার আলোকে তিনি ব্যাংকিং ও আর্থিক খাতে নারীর নেতৃত্ব, নৈতিকতা এবং কর্মজীবনের বিভিন্ন সম্ভাবনা তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা অর্জন, পেশাগত শৃঙ্খলা বজায় রাখা, নিজেদের সক্ষমতা চিহ্নিত করা এবং পরিবর্তিত চাকরির বাজারের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার পরামর্শ দেন। আর্থিক সাক্ষরতা ও ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা বিষয়ে বক্তব্য দেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান। তিনি আয়-ব্যয়ের ভারসাম্য রক্ষা, বাজেট তৈরি, নিয়মিত সঞ্চয়, বিচক্ষণ আর্থিক সিদ্ধান্ত গ্রহণ এবং দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনার গুরুত্ব তুলে ধরেন।
তরুণদের মধ্যে ছোটবেলা থেকেই সঠিক আর্থিক অভ্যাস গড়ে তোলার ধারণা হিসেবে তিনি তার ‘গ্র্যান্ডফাদার কনসেপ্ট অব পারসোনাল মানি ম্যানেজমেন্ট’ উপস্থাপন করেন। এ সময় অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং বিকাশে প্রাইম ব্যাংকের ৩১ বছরের পথচলা এবং আর্থিক খাতে তরুণ প্রজন্মের জন্য তৈরি হওয়া নতুন সম্ভাবনা ও পরিবর্তিত প্রত্যাশা নিয়েও আলোচনা করেন তিনি।
ব্র্যান্ড ও মার্কেটিং বিষয়ে বক্তব্য দেন প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন নাবিলা খালিদ। তিনি পেশাগত জীবনে সফলতার জন্য মার্কেটিং, ব্র্যান্ডিং ও কার্যকর যোগাযোগদক্ষতার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। পাশাপাশি চাকরির নিয়োগপ্রক্রিয়া সম্পর্কে বাস্তব ধারণা দিতে একটি মক ইন্টারভিউয়ের আয়োজন করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা চাকরির সাক্ষাৎকারে নিজেদের উপস্থাপন ও আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ পান।
প্রাইম ব্যাংক জানিয়েছে, ‘এমপাওয়ারিং ইয়ুথ’ উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত সম্পৃক্ত হচ্ছে তারা। এ উদ্যোগের আওতায় আর্থিক সাক্ষরতা, কর্মজীবনের প্রস্তুতি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে শিল্প ও সেবা খাতের সংযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.