বিনা খরচে মালয়েশিয়াগামী কর্মীদের প্রথম ফ্লাইট বৃহস্পতিবার

দীর্ঘদিন বন্ধ থাকার পর সরকারি ব্যবস্থাপনায় আবারও মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হচ্ছে। মালয়েশিয়াগামী কর্মীদের বহনকারী প্রথম ফ্লাইট আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকা ছাড়বে। প্রথম ফ্লাইটে বিনা খরচে মালয়েশিয়া যাবেন ১১২ কর্মী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে তারা কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হবেন।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান এই ফ্লাইটের উদ্বোধন করবেন। কর্মীরা সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ার ডিএইচএল প্রতিষ্ঠানে কাজে যোগ দিতে যাচ্ছেন। তাদের যাতায়াতসহ যাবতীয় ব্যয় বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান।

এর আগে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী বিনা খরচে যাওয়ার সুযোগ পাবেন। তাদের মধ্যে এক হাজার কর্মী হবেন গুম ও খুনের শিকার পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে অবদান রাখা ব্যক্তিরা। তিনি আরও জানিয়েছিলেন, স্বৈরাচারী সরকারের আমলে শ্রমিক নিয়োগে সিন্ডিকেটের কারণে অনেক দেশ বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দিয়েছিল। বর্তমান সরকার সেই পরিস্থিতির পরিবর্তনে উদ্যোগ নিয়েছে।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে এবারই প্রথম লটারির মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বোয়েসেলের নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার বার্তা দেওয়া হচ্ছে।

প্রথম ফ্লাইটের পর বাকি কর্মীদের মালয়েশিয়া যাওয়ার সময়সূচি এখনও জানা যায়নি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.