নোয়াখালীর স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে করে তিনি স্বর্ণদ্বীপের উদ্দেশে যাত্রা করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, স্বর্ণদ্বীপে পৌঁছে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর বিশেষ বাহিনীগুলোর সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন।

এ সময় তিনি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শন করবেন এবং মহড়ায় অংশ নেওয়া তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। বিশেষ এই যৌথ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিচ্ছে।

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

গত এক যুগের বেশি সময় ধরে দ্বীপটিতে বিভিন্ন সমর মহড়ার পাশাপাশি তিন বাহিনীর যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়ে আসছে। তবে এবারই প্রথম প্যারা কমান্ডো ব্রিগেড, সোয়াডস ও ৫০১ এয়ার রেজিমেন্টের সমন্বয়ে বিশেষ এই যৌথ মহড়া আয়োজন করা হয়েছে।

মহড়া পরিদর্শন শেষে আজ বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.