জীবাশ্ম জ্বালানি নিয়ে সমঝোতা ছাড়াই শেষ হলো জলবায়ু সম্মেলন

জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসা, জলবায়ু অর্থায়ন ও কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে দেশগুলোর মধ্যে সমঝোতা না হওয়ায় কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন। দুই সপ্তাহের বেশি সময় ধরে আলোচনা চললেও শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছাতে পারেনি অংশগ্রহণকারী দেশগুলো।

রোববার (২২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রস্তাবিত ‘আনতালিয়া চুক্তি’ অনুমোদনের জন্য প্রয়োজনীয় সমর্থন পাওয়া যায়নি। দীর্ঘ সময় ধরে চলা এই সম্মেলন জাতিসংঘের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ জলবায়ু সম্মেলন হিসেবে স্থান পেয়েছে। ২০০৯ সালে কোপেনহেগেন সম্মেলনের পর এবারই প্রথম কোনো বড় ধরনের অচলাবস্থার মুখে পড়ল জলবায়ু আলোচনা।

জলবায়ু বিশেষজ্ঞরা সম্মেলনের ফলাফলকে নেতৃত্বের বড় ধরনের ব্যর্থতা হিসেবে দেখছেন। তাদের মতে, জলবায়ু সংকট যখন ক্রমেই ভয়াবহ হচ্ছে, তখন বিশ্বনেতাদের এমন অচলাবস্থা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।

জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার শিফট আফ্রিকার পরিচালক মোহামেদ আদো বলেন, এটি এখন পর্যন্ত সবচেয়ে ব্যর্থ কপ সম্মেলন। সম্মেলনের এই পরিণতি বিশ্বের জন্য সতর্কবার্তা হওয়া উচিত।

সম্মেলনে অংশ নেওয়া ১৯০টির বেশি দেশের মধ্যে প্রধান মতবিরোধ দেখা দেয় জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার বিষয়ে চুক্তিতে স্পষ্ট ভাষা রাখা এবং জলবায়ু বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য আর্থিক সহায়তা বাড়ানো নিয়ে। সৌদি আরবসহ তেল উৎপাদনকারী দেশগুলো দীর্ঘদিন ধরেই চুক্তিতে জীবাশ্ম জ্বালানির বিষয়ে কোনো উল্লেখ রাখার বিরোধিতা করে আসছে।

ইউরোপীয় ইউনিয়ন, পানামা, মার্শাল দ্বীপপুঞ্জ ও নরওয়ে প্রস্তাবিত চুক্তির বিরোধিতা করে। ইউরোপীয় ইউনিয়নের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেওয়া আয়ারল্যান্ডের জলবায়ুমন্ত্রী ডারাঘ ও’ব্রায়েন বলেন, জীবাশ্ম জ্বালানির উল্লেখ পর্যন্ত নেই, এমন কোনো চুক্তিতে সমর্থন দেবে না ইউরোপীয় ইউনিয়ন।

পরে তিনি বলেন, তার বিশ্বাস, কয়েকটি তেলসমৃদ্ধ দেশ সম্মেলনের আলোচনা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে।

কপ-৩১ সম্মেলনের সভাপতি মুরাত কুরুম জানান, প্রস্তাবিত চুক্তি অনুমোদনের মতো সমর্থন পাওয়া যায়নি। তিনি বলেন, তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু সম্মেলনে উপস্থিত কয়েকটি পক্ষ এই প্রস্তাবের বিরোধিতা করায় কোনো ঐকমত্য তৈরি হয়নি।

অন্যদিকে বিশ্বের সবচেয়ে বড় কার্বন নিঃসরণকারী দেশ হলেও পরিচ্ছন্ন জ্বালানিতে বড় শক্তি চীন ঐকমত্য না হওয়াকে গভীর হতাশার বিষয় বলে উল্লেখ করেছে। দেশটির প্রতিনিধি দলের প্রধান লি গাও বলেন, এই ফলাফল জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশগুলোর পারস্পরিক সহযোগিতার ওপর আস্থা হারানোর কারণ হওয়া উচিত নয়।

জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধ

জলবায়ু সংকটের প্রভাব যখন ক্রমেই বাড়ছে, তখন অনুষ্ঠিত হলো এবারের সম্মেলন। ভূরাজনৈতিক অস্থিরতা এবং ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। এর মধ্যেই জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য পূরণ হবে না। বর্তমান নীতি অব্যাহত থাকলে তাপমাত্রা ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

শিল্পায়ন-পূর্ব সময়ের তুলনায় ইতোমধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। এর প্রভাবে নেপালে ভয়াবহ বন্যা থেকে শুরু করে ইউরোপে প্রাণঘাতী তাপপ্রবাহের মতো দুর্যোগ দেখা যাচ্ছে।

২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত কপ-২৮ সম্মেলনে দেশগুলো জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে ধীরে ধীরে সরে আসার বিষয়ে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এরপর থেকে তেল উৎপাদনকারী দেশগুলোর আপত্তির কারণে সেই সিদ্ধান্তকে আর এগিয়ে নেওয়া সম্ভব হয়নি।

কপ-৩১ সম্মেলনের প্রথম খসড়া চুক্তিতে জ্বালানি ব্যবস্থায় জীবাশ্ম জ্বালানি থেকে অবিলম্বে সরে আসার আহ্বান জানানো হয়েছিল। তবে পরবর্তী প্রতিটি খসড়া থেকে জীবাশ্ম জ্বালানিসংক্রান্ত সব উল্লেখ বাদ দেওয়া হয়। যদিও শতাধিক দেশ চুক্তিতে এই বিষয়টি রাখার পক্ষে অবস্থান নিয়েছিল।

কপ আলোচনার অভিজ্ঞ ব্যক্তি ও সাতাত সম্পদা ক্লাইমেট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক হারজিৎ সিং বলেন, জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়টি এড়িয়ে গিয়ে এই সংকটের সমাধান সম্ভব নয়।

ব্রিটেনের প্রধান জলবায়ু আলোচক কেট হিউজেস প্রস্তাবিত চুক্তিকে আগের অবস্থান থেকে পিছিয়ে যাওয়ার শামিল বলে মন্তব্য করেন। তার মতে, জলবায়ু মোকাবিলায় সাহসী ও সম্মিলিত উদ্যোগের পরিবর্তে সর্বনিম্ন সমঝোতার ভিত্তিতে চুক্তিটি তৈরি করা হয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের জলবায়ু ন্যায়বিচারবিষয়ক নীতিবিশেষজ্ঞ অ্যান হ্যারিসন বলেন, করপোরেট মুনাফা সুরক্ষার উদ্দেশ্যে তৈরি দূষণকারীদের সুবিধাজনক এমন চুক্তি প্রত্যাখ্যান করাই দেশগুলোর সঠিক সিদ্ধান্ত হয়েছে।

কার্বন ধারণ প্রযুক্তি নিয়েও আপত্তি

চুক্তিতে কার্বন ধারণ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিষয়টিও উদ্বেগ তৈরি করেছে। এই প্রযুক্তির মাধ্যমে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে উৎপন্ন কার্বন বাতাসে ছড়িয়ে পড়ার আগেই ধরে রাখা সম্ভব। ফলে কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণের শর্তে জীবাশ্ম জ্বালানির উৎপাদন অব্যাহত রাখার সুযোগ তৈরি হতে পারে।

অনেক বিজ্ঞানী মনে করেন, কার্বন নিঃসরণের মাত্রা বিবেচনায় এই প্রযুক্তির কিছু ব্যবহার প্রয়োজন হতে পারে। তবে বড় পরিসরে এর কার্যকারিতা এখনো প্রমাণিত নয় এবং ব্যয়ও অনেক বেশি। সমালোচকদের মতে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর মূল উদ্যোগ থেকে মনোযোগ সরিয়ে দিতে পারে এই প্রযুক্তি।

জলবায়ুবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ইথ্রি-জি-এর পরিচ্ছন্ন জ্বালানি কূটনীতিবিষয়ক সহযোগী পরিচালক ম্যাট ওয়েব বলেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো ছাড়াই কার্বন ধারণ প্রযুক্তির ওপর নির্ভর করা অনেকটা সিগারেট না ছেড়ে ধূমপান ছাড়ার চেষ্টা করার মতো।

জলবায়ু অর্থায়নেও সমঝোতা হয়নি

সম্মেলনে অর্থায়নের বিষয়টিও বড় বিরোধের কারণ হয়ে ওঠে। জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলো দীর্ঘদিন ধরে দুর্যোগ মোকাবিলা এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে উন্নত দেশগুলোর কাছে আর্থিক সহায়তা বাড়ানোর দাবি জানিয়ে আসছে।

তবে চুক্তির খসড়ায় ২০৩৫ সালের মধ্যে অভিযোজন খাতে অর্থায়ন অন্তত তিন গুণ বাড়ানোর কথা বলা হলেও এর কোনো নির্দিষ্ট ভিত্তি বা অর্থের পরিমাণ উল্লেখ করা হয়নি। এতে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে হতাশা তৈরি হয়।

হারজিৎ সিং বলেন, ধনী দেশগুলো জলবায়ু দুর্যোগ মোকাবিলা ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পুনর্বাসনে সহায়তার জন্য প্রয়োজনীয় অর্থ দিতে রাজি হয়নি। বরং দূষণকারীদের দায়মুক্তির সুযোগ করে দেওয়া হয়েছে। ব্যর্থতাকে স্থায়ী করে এমন চুক্তির চেয়ে কোনো চুক্তি না হওয়াই ভালো।

সম্মেলনের আলোচনাপর্বের সভাপতি ক্রিস বোয়েন ফলাফলকে অত্যন্ত হতাশাজনক বলে উল্লেখ করেন। তবে আলোচনায় কিছু ইতিবাচক অগ্রগতিও হয়েছে বলে জানান তিনি। এর মধ্যে ৯০টির বেশি দেশের অর্থনীতিতে বিদ্যুতের ব্যবহার বাড়ানোর অঙ্গীকারের বিষয়টি উল্লেখ করেন।

তিনি বলেন, দেশগুলো নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের উদ্যোগ অব্যাহত রাখবে। আগামী বছর ইথিওপিয়ায় আবারও আলোচনায় বসে অগ্রগতি

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.