শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুধু সনদধারী নয়, কর্মবাজারের উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে। শিক্ষাকে কর্মমুখী করা এবং বেকারত্বের সমস্যা সমাধানে শিক্ষক, শিক্ষার্থী ও শিল্পপ্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
রোববার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক এক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, গণমানুষের প্রত্যাশা পূরণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগ বাস্তবায়নে শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। বিশ্বের উন্নত দেশগুলোর মডেল অনুসরণ করে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
নতুন উদ্ভাবনী চিন্তা ও দক্ষতার মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়ন, বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট নিরসন এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, নতুন অর্থনীতিতে টিকে থাকতে হলে উচ্চশিক্ষায় আমূল পরিবর্তন প্রয়োজন। মৌলিক ও প্রায়োগিক গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি এবং সেই জ্ঞানকে উদ্ভাবনী উদ্যোগে রূপান্তর করতে হবে। রাষ্ট্র, শিল্প, সমাজ ও অর্থনীতির বাস্তব সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের জ্ঞান ও সক্ষমতা কাজে লাগাতে হবে।
তিনি আরও বলেন, মানসম্মত শিক্ষা ও দক্ষ মানবসম্পদ তৈরিতে আইনি কাঠামো পুনর্বিন্যাস, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে প্রাতিষ্ঠানিক সংযোগ তৈরি এবং গবেষণায় শিল্প খাতের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি পাঠ্যক্রম প্রণয়ন ও পাঠদানে শিল্পপ্রতিষ্ঠানের অংশগ্রহণ এবং প্রবাসী বাংলাদেশি শিক্ষাবিদদের ভিজিটিং ফ্যাকাল্টি ও মেন্টর হিসেবে যুক্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম দক্ষ মানবসম্পদ সৃষ্টি ও টেকসই উন্নয়নে শিল্পপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণা এবং উদ্ভাবনী প্রকল্প গ্রহণের আহ্বান জানান তিনি।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী পাঠ্যক্রম উন্নয়ন ও শ্রেণিকক্ষে পাঠদানের ক্ষেত্রে শিল্প উদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দেন। এছাড়া কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী গবেষণার উপযুক্ত পরিবেশ তৈরি এবং গবেষণা তহবিল বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের কারিগরি ও পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং যুগোপযোগী পাঠ্যক্রম প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. মহিউদ্দিন। আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইফুল ইসলাম খন্দকার।
শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা বাড়াতে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চারটি প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক সই হয়। প্রতিষ্ঠানগুলো হলো বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং ব্রেন স্টেশন ২৩ পিএলসি।
সেমিনারে দেশের শতাধিক শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী প্রতিনিধি, অফিসপ্রধান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি ও চেয়ারম্যানরা অংশ নেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.