পোশাকশিল্পের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দেশের তৈরি পোশাকশিল্পে (আরএমজি) চলমান অস্থিরতার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তার মতে, দেশের অর্থনীতি ও পোশাকশিল্পকে ক্ষতিগ্রস্ত করার অসৎ উদ্দেশ্যেই সড়কে অস্থিরতা তৈরি করা হচ্ছে।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে কর্মপরিবেশে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ এবং তৈরি পোশাকশিল্পের বিকাশে বর্তমান সরকার শতভাগ আন্তরিক। চলতি অর্থবছরে শ্রমিক ও গার্মেন্টস শিল্পবান্ধব বাজেট দেওয়া হয়েছে। এরপরও যেসব কর্মকাণ্ড চলছে, তাতে স্পষ্ট যে এর পেছনে থাকা মহলটি দেশের অর্থনীতি ও পোশাক খাতকে ধ্বংস করতে চায়।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে গার্মেন্টস শিল্পের মাধ্যমে নারীর ক্ষমতায়নে যে অগ্রগতি হয়েছে, সেটিকে অস্বীকার করে একটি মহল বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে দেখতে চায়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ এই শিল্প রক্ষার দায়িত্ব শুধু সরকার, শ্রমিক কিংবা মালিকদের একার নয়। এটি সবার সম্মিলিত দায়িত্ব। সড়কে চলমান বিশৃঙ্খলা ও অস্থিরতা প্রতিরোধে আন্তর্জাতিক সম্প্রদায়সহ সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দেশের পোশাকশিল্পের অগ্রগতির প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, গাজীপুরে উৎপাদিত পোশাক এখন স্টকহোম, আমস্টারডাম, কোপেনহেগেন ও টরন্টোর বাজারে পৌঁছে যাচ্ছে। আশির দশকের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘মেইড ইন বাংলাদেশ’ নিয়ে বিশ্বদরবারে গর্বিত হওয়ার যে স্বপ্ন দেখেছিলেন, পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যুগান্তকারী নীতিগত সহায়তায় তা এগিয়ে যায়। বিএনপি সরকার সবসময় এই শিল্পের প্রসার এবং শ্রমিকদের নিরাপত্তা ও শ্রম অধিকার নিশ্চিত করতে সচেষ্ট ছিল বলেও উল্লেখ করেন তিনি।

রফতানি ও অভিবাসন খাতের তথ্য তুলে ধরে শামা ওবায়েদ ইসলাম জানান, বর্তমানে বিশ্বের ১৭৬টি দেশে দেড় কোটির বেশি বাংলাদেশি কর্মরত রয়েছেন। গত অর্থবছরে ইউরোপীয় ইউনিয়ন প্রায় ১৯ বিলিয়ন মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্র প্রায় ৭ দশমিক ৭ বিলিয়ন ডলারের পোশাক বাংলাদেশ থেকে আমদানি করেছে।

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক মিশন ও বহুপাক্ষিক ফোরামের মাধ্যমে অভিবাসী কর্মীদের অধিকার রক্ষা এবং নিরাপদ, সুশৃঙ্খল ও দক্ষ অভিবাসন নিশ্চিত করতে কাজ করছে। গত অক্টোবরে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রস্তুতিমূলক সময়সীমা আরও তিন বছর বাড়ানোর অনুমোদনকে বাংলাদেশের প্রতি বিশ্বসম্প্রদায়ের আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন তিনি। এ জন্য ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, নেদারল্যান্ডস, সুইডেন, কানাডা ও আন্তর্জাতিক শ্রম সংস্থাসহ উন্নয়ন সহযোগীদের ধন্যবাদ জানান।

গবেষণার গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, নীতিমালা পথ দেখালেও গবেষণাই এর ভিত্তি তৈরি করে। নির্ভরযোগ্য জাতীয় তথ্য-উপাত্ত আন্তর্জাতিক দরকষাকষি, বাণিজ্য সুবিধা, বাজারে প্রবেশাধিকার ও বিনিয়োগ আলোচনায় বাংলাদেশের অবস্থান শক্তিশালী করে। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় উন্নয়ন সহযোগীদের সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.