বাল্টিক সাগরে ড্রোন হামলায় রুশ জাহাজে আগুন

বাল্টিক সাগরে ড্রোন হামলার শিকার হয়ে আগুনে পুড়ছে রাশিয়ার একটি সামরিক সংশ্লিষ্ট পণ্যবাহী জাহাজ। পরে জাহাজটি ভেসে ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করে। এ সময় জাহাজে থাকা ১৬ নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ফিনল্যান্ডের ধারণা, ইউক্রেন এ হামলার পেছনে থাকতে পারে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ‘স্পার্টা টু’ নামের জাহাজটির নাবিকেরা প্রথমে লাইফবোটে করে জাহাজ ছাড়েন। পরে তাদের কাছাকাছি থাকা একটি রুশ জাহাজে নেওয়া হয়। ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ইলজা ইলজিন জানান, নাবিকেরা এখন রাশিয়ায় ফিরে যাচ্ছেন।

ফিনল্যান্ডের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আকি-মাউরি হুহতিনেন বলেন, হামলার পেছনে ইউক্রেনের হাত থাকার সম্ভাবনা রয়েছে। তবে জাহাজটিকে কেন লক্ষ্যবস্তু করা হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী জানায়, রাশিয়ার গোগল্যান্ড দ্বীপের পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় জাহাজটি হামলার শিকার হয়। রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলের উদ্দেশে যাত্রা করা জাহাজটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর ফিনল্যান্ডের জলসীমায় ভেসে আসে।

শনিবার রাত পর্যন্ত জাহাজটিতে আগুন জ্বলছিল। ফিনল্যান্ডের জলসীমায় জাহাজটি নোঙর করে থাকায় দেশটির কর্তৃপক্ষ উদ্ধার অভিযান পরিচালনা করছে। পরে রুশ জাহাজের সহায়তায় ক্ষতিগ্রস্ত জাহাজটি রাশিয়ায় ফিরিয়ে নেওয়া হতে পারে। এদিকে উদ্ধার অভিযানের সময় একটি রুশ হেলিকপ্টার অল্প সময়ের জন্য ফিনল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করেছে বলে সন্দেহ করা হচ্ছে। ফিনল্যান্ডের উপসাগরীয় অঞ্চলের কোস্টগার্ড কমান্ডার মিকো সিমোলা এ তথ্য জানিয়েছেন। জাহাজটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। এর মালিক প্রতিষ্ঠানটির সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা খাতের সংশ্লিষ্টতা রয়েছে।

উল্লেখ্য, চলতি বছর রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় লেনিনগ্রাদ অঞ্চলে ইউক্রেনের একাধিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব ড্রোনের কয়েকটি বাল্টিক অঞ্চলের আকাশসীমায় প্রবেশ করায় ন্যাটোর ভূখণ্ডেও যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.