বাহরাইনে বেসামরিক শিল্প স্থাপনায় ইরানের হামলা

বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় ইরানের হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি। শনিবার (২১ নভেম্বর) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হামলার আশঙ্কায় প্রথমে বাসিন্দাদের নিকটবর্তী নিরাপদ স্থানে সরে যাওয়ার সতর্কতা জারি করা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক বলে ঘোষণা দেওয়া হলেও নতুন করে আরেকটি সতর্কবার্তা পাঠানো হয়।

দেশটির মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, শিল্প স্থাপনাটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বেসামরিক প্রতিরক্ষা বাহিনী। তবে স্থাপনাটির অবস্থান বা কী ধরনের শিল্পকারখানায় হামলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এদিকে বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের বেশ কয়েকটি আকাশপথের হামলা প্রতিহত করেছে। এসব হামলা ঠেকানোর সময় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে কিছু স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায়, তাদের মহাকাশ বাহিনী বাহরাইনে অবস্থিত আল-রিফা ও আওয়ালি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত হামলা চালিয়েছে। ইরানের আকাশসীমা লঙ্ঘন এবং চলমান আগ্রাসনের জবাবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর রয়েছে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়েছে। এর ধারাবাহিকতায় উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশও ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে বাহরাইনও একাধিকবার ইরানি আকাশপথের হামলা প্রতিহত করার দাবি জানিয়েছে।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.