টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্তের জন্য বিএসইসিকে ডিবিএ’র ধন্যবাদ

পুঁজিবাজারে শেয়ার লেনদেনে টি+১ ট্রেডিং কার্যক্রম চালুর সিদ্ধান্ত গ্রহণ করায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

শনিবার (২১ নভেম্বর ২০২৬) ডিবিএর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ডিবিএ জানায়, সদস্য স্টক ব্রোকারদের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন হিসেবে সংগঠনটি শেয়ার লেনদেনে টি+১ ট্রেডিং ব্যবস্থা চালুর দাবি জানিয়ে আসছিল। এ লক্ষ্যে বিএসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনা ও বৈঠকের মাধ্যমে বিষয়টি বাস্তবায়নে ডিবিএ সক্রিয় ভূমিকা পালন করেছে। ডিবিএর এ দাবিকে গুরুত্ব দিয়ে টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত গ্রহণ করায় সংগঠনের সকল সদস্য ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বিএসইসির চেয়ারম্যান জনাব মাসুদ খান, সম্মানিত কমিশনারবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ প্রসঙ্গে সাইফুল ইসলাম বলেন, টি+১ ট্রেডিং চালু পুঁজিবাজারের আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি স্টক ব্রোকার ও বিনিয়োগকারীদের দীর্ঘদিনের প্রত্যাশা। আমরা বিশ্বাস করি, এ উদ্যোগের ফলে লেনদেনের গতি ও বাজারের তারল্য বৃদ্ধি পাবে এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ আরও উৎসাহিত হবে। আমাদের দীর্ঘদিনের দাবির প্রতি গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করায় বিএসইসির সম্মানিত চেয়ারম্যান, কমিশনারবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

ডিবিএ মনে করে, টি+১ ট্রেডিং চালুর ফলে লেনদেন নিষ্পত্তির সময় কমবে, বিনিয়োগকারীরা দ্রুত অর্থ পুনর্বিনিয়োগের সুযোগ পাবেন এবং সামগ্রিকভাবে বাজারের তারল্য ও লেনদেন বৃদ্ধি পাবে। পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ার পাশাপাশি পুঁজিবাজারের প্রতি আস্থা জোরদার হবে। এ উদ্যোগ দেশের পুঁজিবাজারকে আন্তর্জাতিক মানের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করার পাশাপাশি সরকারের রাজস্ব আয় বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে ডিবিএ আশাবাদী।

পুঁজিবাজারের টেকসই উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে ডিবিএ ভবিষ্যতেও বিএসইসির সঙ্গে সমন্বিতভাবে কাজ করা এবং বাজারের উন্নয়নে গৃহীত সকল ইতিবাচক উদ্যোগ বাস্তবায়নে সক্রিয় সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.