সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাংক, ওয়ান পেনশন’ ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বাহিনীর আধুনিকায়ন, সদস্যদের কল্যাণ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত উন্নয়ন ও জীবনযাত্রার মানোন্নয়নে আন্তরিক। এ লক্ষ্যেই যৌথ মানবসম্পদ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে ‘জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড’ গঠন করা হয়েছে। তিনি ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র্যাংক, ওয়ান পেনশন’ ব্যবস্থা চালুর ঘোষণা দিয়ে বলেন, বর্তমান ও সাবেক কর্মকর্তা এবং সদস্যদের কল্যাণে গৃহীত পদক্ষেপগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
সশস্ত্র বাহিনীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। তারেক রহমান জানান, সেনা, নৌ ও বিমান বাহিনীর পৃথক সক্ষমতাকে সমন্বিত করে একটি কার্যকর জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমান বিশ্বের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তি এবং মহাকাশভিত্তিক নজরদারির সক্ষমতা অর্জনেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
সশস্ত্র বাহিনীর শক্তি ও পেশাদারত্ব বজায় রাখতে কমান্ড কাঠামো বা চেইন অব কমান্ড অনুসরণের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তার মতে, বাহিনীর সাফল্যের জন্য সততা, দক্ষতা, শৃঙ্খলা ও জনআস্থা অপরিহার্য।
অনুষ্ঠানে ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় দেশপ্রেমিক জনগণ, জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার ও সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, এই ঐক্য বজায় থাকলে বাংলাদেশকে কেউ পরাধীন বা অন্যের ওপর নির্ভরশীল রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানসহ দেশের গুরুত্বপূর্ণ সময়ে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এসব আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেকোনো মূল্যে সুরক্ষিত রাখার পাশাপাশি নিরাপদ, স্বনির্ভর, গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
দেশের বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগে সশস্ত্র বাহিনীর সদস্যদের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমেও বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন বলে উল্লেখ করেন তিনি। এ ক্ষেত্রে নারী ও পুরুষ সদস্যদের অবদানের কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানের শুরুতে ঢাকা সেনানিবাসের সঙ্গে নিজের পারিবারিক স্মৃতির কথা উল্লেখ করেন তারেক রহমান। তার প্রয়াত মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জীবনের দীর্ঘ সময় সেনানিবাসে কাটিয়েছেন বলে জানান তিনি। ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা ছিল এ ধরনের অনুষ্ঠানে তার মায়ের শেষ অংশগ্রহণ। এ সময় মায়ের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খন্দকার মিসবাহ-উল-আজিম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সংবর্ধনায় মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, কূটনীতিক এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.