ডিআরইউর দুই সদস্যের বীমা দাবি নিষ্পত্তি করল ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স 

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) দুই সদস্যের মোট ৩ লাখ ৭০ হাজার টাকার বীমা দাবি পরিশোধ করেছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি। গ্রুপ বীমা চুক্তির আওতায় একজন সদস্যের মৃত্যু এবং অন্য সদস্যের গুরুতর অসুস্থতাজনিত দাবির অর্থ দেওয়া হয়েছে।

গত ১৮ নভেম্বর ২০২৬ ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক তুলে দেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

ডিআরইউর প্রয়াত সদস্য আবু হেনা রাসেলের পরিবারের কাছে মৃত্যুজনিত বীমা দাবির ৩ লাখ টাকার চেক দেওয়া হয়। অন্যদিকে গুরুতর অসুস্থতাজনিত কারণে ডিআরইউ সদস্য রফিকুল ইসলামকে দেওয়া হয় ৭০ হাজার টাকার চেক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

এ সময় ডিআরইউর কল্যাণ সম্পাদক রফিক মৃর্ধা, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা এবং ন্যাশনাল লাইফের জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি উপস্থিত ছিলেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.