হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের আরও একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। সংস্থাটির দাবি, নতুন একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। এটি ইরানি বাহিনীর ভূপাতিত করা ৫৮তম মার্কিন এমকিউ-৯ ড্রোন।
শনিবার (২১ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এদিকে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে আইআরজিসির আরও বিস্তৃত দাবির কথা তুলে ধরা হয়েছে। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালি ও এর আশপাশের এলাকায় এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের অন্তত ৭৩টি ড্রোন ভূপাতিত করেছে ইরানি বাহিনী। এর মধ্যে ১৭টি এমকিউ-১ এবং ৫৬টি এমকিউ-৯ ড্রোন রয়েছে।
আইআরজিসি জানিয়েছে, গত ১৪ নভেম্বর একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করা হয়। তাদের দাবি অনুযায়ী, সেটি ছিল এ ধরনের ধ্বংস করা ১৭তম ড্রোন। তবে যুক্তরাষ্ট্রের কতগুলো ড্রোন ইরান ভূপাতিত করেছে, সে বিষয়ে তেহরানের দেওয়া পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.