কম রাজস্ব আদায়, ঋণের সুদ পরিশোধ এবং জ্বালানি খাতের ভর্তুকির চাপে বাংলাদেশের উন্নয়ন বিনিয়োগ কমে যাচ্ছে। এ পরিস্থিতিতে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ খাতে পর্যাপ্ত অর্থ ব্যয় করা কঠিন হয়ে পড়ছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।
সংস্থাটির নতুন প্রতিবেদন ‘বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ ২০২৬’-এ দেশের সরকারি আয় ও ব্যয়ের চিত্র তুলে ধরে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজস্ব আদায় সমপর্যায়ের দেশগুলোর তুলনায় অনেক কম। ফলে সরকারের উন্নয়ন ব্যয় মেটানোর সক্ষমতাও সীমিত হয়ে পড়ছে।
বিশ্বব্যাংকের পর্যবেক্ষণ অনুযায়ী, সরকারের আয়ের বড় একটি সীমাবদ্ধতা হলো দুর্বল কর আদায়। দেশের কর-জিডিপি অনুপাত সমপর্যায়ের দেশগুলোর অর্ধেকেরও কম। এ অবস্থায় রাজস্বের ভিত্তি সম্প্রসারণ, কর প্রশাসনের দক্ষতা বাড়ানো এবং কর ফাঁকি কমানোর ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।
প্রতিবেদনে সরকারি ব্যয়ের চাপের অন্যতম কারণ হিসেবে ঋণের সুদ পরিশোধ ও জ্বালানি খাতের ভর্তুকির কথা উল্লেখ করা হয়েছে। এসব খাতে ব্যয় বেড়ে যাওয়ায় উন্নয়ন প্রকল্প ও সামাজিক খাতে অর্থ বরাদ্দের সুযোগ সংকুচিত হচ্ছে। বিশেষ করে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে প্রয়োজনীয় বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।
এ পরিস্থিতি থেকে উত্তরণে ভর্তুকি ব্যবস্থায় সংস্কারের পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির মতে, সবার জন্য সমানভাবে ভর্তুকি না দিয়ে প্রকৃত প্রয়োজন রয়েছে—এমন জনগোষ্ঠীকে লক্ষ্য করে সহায়তা দেওয়া হলে সরকারি অর্থের ব্যবহার আরও কার্যকর হতে পারে।
প্রতিবেদনে রাজস্ব সংস্কারের পাশাপাশি সরকারি ব্যয়ের অগ্রাধিকার পুনর্নির্ধারণের ওপরও জোর দেওয়া হয়েছে। এতে উন্নয়ন ও সামাজিক খাতের জন্য প্রয়োজনীয় অর্থের জোগান বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে।
বিশ্বব্যাংকের মতে, প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করা গেলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা বাড়বে। দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে রাজস্ব আদায় বৃদ্ধি, ভর্তুকির যৌক্তিক ব্যবহার এবং উন্নয়ন ব্যয় সুরক্ষিত রাখা জরুরি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.