রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। প্রায় সাত বছর ধরে চলা আইনি প্রক্রিয়া শেষে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) রায় পড়া শুরু করবেন আদালতের প্রধান বিচারপতি ইউজি ইওয়াসাওয়া।
বুধবার (১৮ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গাম্বিয়ার দায়ের করা মামলার সাত বছর পর এ রায় দেওয়া হবে। এ রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে গাম্বিয়া মামলাটি দায়ের করেছিল। অন্যদিকে, মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের জেরে সাত লাখের বেশি রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসারও নয় বছরের বেশি সময় পেরিয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর রাখাইন রাজ্যে সামরিক অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। জাতিসংঘের তদন্তকারীদের তথ্যমতে, ওই অভিযানে ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং রোহিঙ্গাদের গ্রাম জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটে। প্রাণ বাঁচাতে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। আগে থেকেই বাংলাদেশে আশ্রয় নেওয়া কয়েক লাখ রোহিঙ্গার সঙ্গে নতুন করে আসা এসব মানুষ যুক্ত হয়।
২০১৮ সালে জাতিসংঘের একটি তথ্যানুসন্ধান মিশন জানায়, মিয়ানমারের শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গণহত্যার তদন্ত করার মতো পর্যাপ্ত প্রমাণ রয়েছে। তবে মিয়ানমার অভিযোগ অস্বীকার করে সামরিক অভিযানকে ‘বৈধ সন্ত্রাসবিরোধী পদক্ষেপ’ বলে দাবি করে।
২০১৯ সালের ১১ নভেম্বর ৫৭ সদস্যের ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে আইসিজেতে মামলাটি করে গাম্বিয়া। ভৌগোলিকভাবে মিয়ানমার থেকে দূরে হলেও উভয় দেশই গণহত্যা সনদে স্বাক্ষরকারী। গাম্বিয়ার যুক্তি ছিল, অপরাধ যেখানেই ঘটুক না কেন, গণহত্যা প্রতিরোধ ও শাস্তি দেওয়ার বাধ্যবাধকতা সনদে স্বাক্ষরকারী সব দেশের রয়েছে। আইসিজে গাম্বিয়ার মামলা করার অধিকার বহাল রাখে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.