বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ওয়ান স্টপ সার্ভিস চাইলেন জার্মান রাষ্ট্রদূত

বাংলাদেশে জার্মান বিনিয়োগের পরিসর বাড়াতে সুশাসন, দুর্নীতিমুক্ত পরিবেশ ও কার্যকর ওয়ান স্টপ সার্ভিস চালুর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ। তিনি মনে করেন, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর হবে।

বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) আয়োজনে ‘বাংলাদেশ-জার্মানি সম্পর্ক জোরদার: অগ্রাধিকার ও ভবিষ্যৎ দিকনির্দেশনা’ শীর্ষক কান্ট্রি লেকচার সিরিজে বক্তব্য দেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, বৈশ্বিক অর্থনীতির নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় জার্মানি। এ জন্য দুই দেশের সম্পর্ক দীর্ঘমেয়াদি ও সমতার ভিত্তিতে এগিয়ে নেওয়া জরুরি। বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্র খাত জার্মানির বাজারে উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে জানিয়ে তিনি বলেন, জার্মানিতে বিক্রি হওয়া বস্ত্রপণ্যের প্রায় ২০ শতাংশই বাংলাদেশে উৎপাদিত। তবে রপ্তানি বহুমুখীকরণের পাশাপাশি চামড়া, কৃষি-শিল্প ও ওষুধ খাতেও বিনিয়োগ ও বাণিজ্যের সুযোগ কাজে লাগানো প্রয়োজন।

বিনিয়োগকারীদের প্রত্যাশার কথা তুলে ধরে ড. রুডিগার লটজ বলেন, তাঁরা স্বচ্ছ প্রশাসন, দুর্নীতিমুক্ত পরিবেশ এবং দ্রুত ও কার্যকর ওয়ান স্টপ সার্ভিস চান। এসব ক্ষেত্রে অগ্রগতি হলে বাংলাদেশে জার্মান বিনিয়োগ বাড়ার পাশাপাশি দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতাও বিস্তৃত হবে। জ্বালানি ও জলবায়ু ইস্যুতেও দুই দেশের একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন তিনি। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, জ্বালানি সাশ্রয় এবং শিল্পকারখানার ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের ওপর গুরুত্ব দেন রাষ্ট্রদূত।

বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীকে জার্মানির জন্য সম্ভাবনাময় কর্মশক্তি হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, দক্ষ জনশক্তি অভিবাসন, দ্বৈত বৃত্তিমূলক প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং পেশাগত যোগ্যতার স্বীকৃতি নিশ্চিত করা গেলে দুই দেশই লাভবান হবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.