সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ভিসার শেয়ারে পতন

সাইবার নিরাপত্তা ঝুঁকি ও ডিজিটাল জালিয়াতি বেড়ে যাওয়ার তথ্য প্রকাশের পর যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে দর হারিয়েছে আন্তর্জাতিক পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান ভিসা। বাংলাদেশেও ব্যাংকের কার্ডে কেনাকাটা, অনলাইন পেমেন্ট ও আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে পরিচিত এই প্রতিষ্ঠানের শেয়ার মঙ্গলবার (১৭ নভেম্বর) ১ দশমিক ৪৯ শতাংশ কমে ৪২০ দশমিক ১২ ডলারে নেমেছে। একদিনে শেয়ারটির দাম কমেছে ৬ দশমিক ৩৪ ডলার।

ভিসার প্রকাশিত সর্বশেষ অর্ধবার্ষিক হুমকি প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আগের ছয় মাসের তুলনায় তৃতীয় পক্ষের মাধ্যমে সংঘটিত নিরাপত্তা ঘটনার সংখ্যা ৬২ শতাংশ বেড়েছে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত পেমেন্ট তথ্য চুরির ঘটনাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। ভিসার শনাক্ত করা আপস হওয়া পেমেন্ট তথ্যের প্রায় ৫৬ শতাংশের সঙ্গে তৃতীয় পক্ষের সেবা প্রদানকারীদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

আন্তর্জাতিক জালিয়াতি সচেতনতা সপ্তাহ উপলক্ষে প্রকাশিত প্রতিবেদনে ভিসা জানিয়েছে, সাইবার অপরাধীরা এখন এমন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে বেশি লক্ষ্য করছে, যারা একাধিক আর্থিক ও পেমেন্ট প্রতিষ্ঠানের সঙ্গে অভিন্ন প্রযুক্তি অবকাঠামোর মাধ্যমে যুক্ত। ফলে একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাব্যবস্থা ভেঙে পড়লে একসঙ্গে অনেক প্রতিষ্ঠানের গ্রাহকের তথ্য ঝুঁকিতে পড়তে পারে। এ ছাড়া তথ্য চুরির ঘটনায় হারিয়ে যাওয়া পেমেন্ট তথ্য উদ্ধারের পরিমাণও আগের ছয় মাসের তুলনায় ১ হাজার ২০০ শতাংশের বেশি বেড়েছে।

ভিসার প্রতিবেদনে কৃত্রিম বুদ্ধিমত্তাকে সাইবার অপরাধের নতুন ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। অপরাধীরা স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করে নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা খুঁজছে, প্রতারণামূলক বার্তা তৈরি করছে এবং পেমেন্ট ব্যবস্থার সুরক্ষা পরীক্ষা করছে। এসব প্রযুক্তির কারণে বড় অপরাধী দল ছাড়াই বিভিন্ন দেশে সমন্বিত সাইবার হামলা চালানো সহজ হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে বিশ্বজুড়ে পেমেন্ট অ্যাকাউন্টের তথ্য যাচাইয়ের উদ্দেশ্যে পরিচালিত অননুমোদিত প্রচেষ্টা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৫ শতাংশ বেড়েছে। তবে এসব প্রচেষ্টা ঠেকাতে ভিসার ঝুঁকি ব্যবস্থাপনা কেন্দ্রের সক্ষমতাও বেড়েছে। আগের ছয় মাসের তুলনায় এ ধরনের সন্দেহজনক লেনদেন ২০০ শতাংশ বেশি আটকে দিয়েছে প্রতিষ্ঠানটি। এর ফলে এ ধরনের পেমেন্ট তথ্য ব্যবহার করে সংঘটিত জালিয়াতিতে আর্থিক ক্ষতি আগের বছরের তুলনায় ২১ দশমিক ৪ শতাংশ কমেছে।

ভিসার জালিয়াতি প্রতিরোধ কার্যক্রমে ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের বেশি সম্ভাব্য প্রতারণার ঘটনা শনাক্ত হয়েছে। আগের ছয় মাসের তুলনায় এ পরিমাণ ৪০ শতাংশ বেশি। এসব ঘটনার মধ্যে ভুয়া অনলাইন দোকান, অনুমতি ছাড়া নিয়মিত অর্থ কেটে নেওয়া, বিনিয়োগের নামে প্রতারণা এবং ভুয়া ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত জালিয়াতি রয়েছে।

একই সময়ে র‍্যানসমওয়্যার বা মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে পরিচালিত সাইবার হামলা ছয় মাসের ব্যবধানে ১৯ শতাংশ বেড়েছে। ২০২১ সালের তুলনায় এ ধরনের হামলা বেড়েছে ৩১২ শতাংশ। ভিসার পর্যালোচনা করা হামলাগুলোর ৮০ শতাংশের বেশি ঘটনার সঙ্গে শীর্ষ ১০টি সক্রিয় র‍্যানসমওয়্যার গোষ্ঠীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

এ ছাড়া আন্তর্জাতিক ক্রীড়া আয়োজন, কনসার্ট ও ভ্রমণ বুকিংকে কেন্দ্র করেও প্রতারণা বাড়ছে। অপরাধীরা আসল বুকিংয়ের তথ্য ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট তৈরি করছে এবং পরিচিত ভ্রমণ সেবাদাতা প্রতিষ্ঠানের পরিচয়ে গ্রাহকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

আশার কথা হচ্ছে ক্রমবর্ধমান সাইবার ঝুঁকি মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা, পেমেন্ট নেটওয়ার্কের তথ্য এবং বিশেষজ্ঞ দলকে কাজে লাগাচ্ছে ভিসা। বিভিন্ন লেনদেনের ধরন বিশ্লেষণ করে একাধিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত হামলার লক্ষণ শনাক্ত করার চেষ্টা করছে কোম্পানিটি। পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে কাজ করে অপরাধীদের ব্যবহৃত প্রযুক্তিগত অবকাঠামো বন্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রতিষ্ঠানটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, উন্নত স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা ভবিষ্যতে সাইবার অপরাধীদের আরও জটিল হামলা চালাতে সহায়তা করতে পারে। নিরাপত্তাব্যবস্থার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এসব প্রযুক্তি ব্যবহার করে হামলার কৌশলও বদলাতে পারবে অপরাধীরা।

তবে ঝুঁকি বাড়লেও প্রতারণামূলক লেনদেন শনাক্ত ও আটকে দেওয়ার ক্ষেত্রে অগ্রগতির কথা জানিয়েছে ভিসা। প্রতিষ্ঠানটির দাবি, প্রযুক্তি ও নজরদারি সক্ষমতা বাড়ানোর ফলে পেমেন্ট নেটওয়ার্কে জালিয়াতির ক্ষতি সীমিত রাখা সম্ভব হচ্ছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.