খুব অস্বাস্থ্যকর বায়ুমানের কবলে ঢাকা, বায়ুদূষণে আজ দ্বিতীয়

রাজধানী ঢাকার বাতাসের মান আজ বুধবারও খুব অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। বায়ুদূষণের তালিকায় বিশ্বের শহরগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। সকাল ৮টার দিকে শহরটির বায়ুমান সূচক (একিউআই) ছিল ২০৮।

একই সময়ে ২৮৪ একিউআই স্কোর নিয়ে তালিকার শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর। তৃতীয় অবস্থানে থাকা ভারতের কলকাতার স্কোর ছিল ১৯৯। এ ছাড়া দিল্লির স্কোর ১৮৩ এবং নেপালের কাঠমান্ডুর স্কোর ছিল ১৭২।

বায়ুমান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সকাল ৭টার দিকে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা পিএম ২.৫-এর উপস্থিতি ছিল প্রতি ঘনমিটারে ১৩২ দশমিক ৫ মাইক্রোগ্রাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক নির্দেশিকায় নির্ধারিত মাত্রার তুলনায় এই ঘনত্ব অনেক বেশি।

একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এ ধরনের বায়ুমানে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্ট বা হৃদ্‌রোগে আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে। তবে সুস্থ ব্যক্তিরাও দীর্ঘ সময় এ ধরনের বাতাসে অবস্থান করলে শারীরিক অস্বস্তিতে পড়তে পারেন।

বিশেষজ্ঞদের মতে, যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলা, শিল্পকারখানার নির্গমন এবং ইটভাটার ধোঁয়া ঢাকার বায়ুদূষণের অন্যতম উৎস। শুষ্ক মৌসুমে এসব দূষণের প্রভাব আরও তীব্র হয়ে ওঠে। দূষণ নিয়ন্ত্রণে নিয়মিত সড়ক পরিষ্কার, নির্মাণকাজে ধুলা নিয়ন্ত্রণ এবং যানবাহন ও শিল্পকারখানার নির্গমন পর্যবেক্ষণ জরুরি।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.