চীনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন বৈঠক হলে দুই দেশের মধ্যে পরমাণু ইস্যুতে দীর্ঘদিনের বন্ধ থাকা কূটনৈতিক আলোচনা নতুন করে শুরুর সম্ভাবনা তৈরি হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার হোয়াইট হাউস থেকে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প সম্ভাব্য এ বৈঠকের বিষয়ে কথা বলেন। তিনি বলেন, কিম জং উনের সঙ্গে আলোচনা হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এপেক সম্মেলনের আয়োজক দেশ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
ট্রাম্প বলেন, শি এখানে আছেন। আমরা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও বৈঠক করব। কিম জং উনের সঙ্গেও দেখা হতে পারে। তাহলে ভালোই হবে। অনেক কিছু অর্জনের সুযোগ রয়েছে আমাদের। কিম সম্মেলনে আসতে পারেন। তবে বিষয়টি নিশ্চিত নয় এবং এ বিষয়ে সিদ্ধান্ত প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ওপর নির্ভর করছে।
ট্রাম্পের এমন বক্তব্যের বিষয়ে এখন পর্যন্ত উত্তর কোরিয়ার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এপেক সম্মেলনে যোগ দিতে উত্তর কোরীয় নেতা কিম জং উনের চীনের শেনজেনে উপস্থিত হওয়ার সম্ভাবনাকে অস্বাভাবিক মনে করা হচ্ছে না। সেখানে তাঁর সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও বৈঠকের সুযোগ তৈরি হতে পারে।
কিমের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য এই সাক্ষাৎ বাস্তবায়িত হলে তা দুই নেতার মধ্যে পূর্বে ব্যর্থ হওয়া পরমাণু নিরস্ত্রীকরণবিষয়ক কূটনৈতিক প্রচেষ্টা পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করতে পারে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.