স্থগিত মজুরি বোর্ডের তৃতীয় সভার নতুন তারিখ ঘোষণা

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে স্থগিত তৃতীয় সভার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর সোমবার এ সভা অনুষ্ঠিত হবে। এতে মালিকপক্ষের প্রতিনিধিদের নতুন বেতন কাঠামোর প্রস্তাব উপস্থাপনের কথা রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (১৬ নভেম্বর) শ্রমভবনে বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বোর্ডের একজন সদস্য অসুস্থ হয়ে পড়ায় বৈঠকটি স্থগিত করা হয়। পরে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা দ্রুত সময়ের মধ্যে সভা আয়োজনের দাবি জানান।

পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের লক্ষ্যে গত ১ নভেম্বর শ্রম মন্ত্রণালয় নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেন।

উল্লেখ্য, সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল। নতুন মজুরি কার্যকর হয় ওই বছরের ডিসেম্বর থেকে। সে অনুযায়ী, বর্তমান নিম্নতম মজুরির মেয়াদ চলতি নভেম্বরে শেষ হচ্ছে। ২০২৩ সালে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। এতে মজুরি বৃদ্ধির হার ছিল ৫৬ শতাংশ।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.