দেশে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের আওতায় তিনটি হাই-টেক পার্ক স্থাপন করা হয়েছে। এসব পার্কে বিনিয়োগকারীদের জন্য ১০ বছরের কর অবকাশ, মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ১ শতাংশ শুল্ক এবং ইউটিলিটি সেবায় ১০০ শতাংশ ভ্যাট অব্যাহতির সুবিধা রয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে সিলেট-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসানের প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ তিনটি হাই-টেক পার্ক স্থাপন করেছে। এগুলো হলো- গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্ক, রাজশাহী হাই-টেক পার্ক এবং সিলেটের কোম্পানীগঞ্জে অবস্থিত সিলেট হাই-টেক পার্ক।
তিনি জানান, এসব পার্কে তথ্যপ্রযুক্তি ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা (আইটি ও আইটিইএস) খাতের উন্নয়নে বিনিয়োগকারীদের বিভিন্ন ব্যবসায়িক প্রণোদনা দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ১০ বছরের কর অবকাশ, মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ১ শতাংশ কাস্টমস ডিউটি এবং ইউটিলিটি সেবায় ১০০ শতাংশ ভ্যাট অব্যাহতি। বিনিয়োগকারীদের দ্রুত সেবা নিশ্চিত করতে ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের মাধ্যমে ৯০টি অনলাইন সেবা দেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.