রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন মো. নূরুল হুদা। সোমবার (১৬ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বেসিক ব্যাংকে যোগ দেওয়ার আগে নূরুল হুদা জনতা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ডিএমডি এবং আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ছিলেন।
আইসিবিতে দায়িত্ব পালনকালে তিনি পোর্টফোলিও ম্যানেজমেন্ট, ট্রাস্টি ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির প্রধান হিসেবে কাজ করেন। পাশাপাশি প্রতিষ্ঠানটির প্রধান অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স কর্মকর্তা (ক্যামলকো) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
১৯৯৬ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন নূরুল হুদা। দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংকটির মহাব্যবস্থাপক হিসেবে খুলনা ও বরিশাল সার্কেলের দায়িত্ব পালন করেন। এ ছাড়া অগ্রণী ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট, ট্রেজারি, ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট বিভাগ, প্রধান শাখা এবং ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে কাজ করেছেন তিনি।
নূরুল হুদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগ থেকে স্নাতক (সম্মান) এবং ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে এক্সিকিউটিভ এমবিএ (ইএমবিএ) সম্পন্ন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের (আইবিবি) ডিপ্লোমেড অ্যাসোসিয়েট।
ব্যাংক খাতে প্রায় তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন নূরুল হুদা ব্যবস্থাপনা, ঝুঁকি ব্যবস্থাপনা, ট্রেজারি, ঋণ ও বিনিয়োগ কার্যক্রমে কাজ করেছেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারেও অংশ নিয়েছেন তিনি। ১৯৭২ সালে পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন মো. নূরুল হুদা।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.