ইরানের সঙ্গে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর কূটনৈতিক প্রচেষ্টা থমকে রয়েছে। এর মধ্যেই মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এতে নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা তৈরি হয়েছে। এর আগে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরি অবস্থান করেছিল।
সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গত এপ্রিলে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। পরে জুনে দুই দেশ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। তবে জুলাইয়ের শুরুতেই সেই সমঝোতা ভেঙে যায়। এরপর থেকে দুই দেশের মধ্যে আবারও বড় ধরনের সংঘাত শুরু হওয়া ঠেকাতে মধ্যস্থতার চেষ্টা করছে পাকিস্তান ও কাতার। গত মার্চে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার প্রভাব পুরো উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়েছিল।
এদিকে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের ওপর নতুন করে সামরিক হামলার সম্ভাবনা খুবই কম। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে আলোচনার পর তিনি দাবি করেন, যুদ্ধের সামরিক কার্যক্রম কার্যত শেষ হয়েছে। তবে পরিস্থিতি বদলে গেলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে বলে জানান ট্রাম্প। তাঁর ভাষায়, মার্কিন সামরিক বাহিনী এখনো ‘লকড অ্যান্ড লোডেড’ অবস্থায় রয়েছে।
এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠানোর ঘটনায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র কি আবারও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করতে যাচ্ছে? তবে রণতরি মোতায়েনের অর্থ এই নয় যে যুদ্ধ আবার শুরু হচ্ছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন কোনো সামরিক অভিযানের ঘোষণা দেওয়া হয়নি। অন্যদিকে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে কূটনৈতিক প্রচেষ্টাও এখনো এগোয়নি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.