এমটিবি নিও অ্যাপে ‘গার্ডিয়ান অ্যাক্সিডেন্ট কেয়ার’ চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) তাদের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ‘এমটিবি নিও’তে (MTB Neo) ‘গার্ডিয়ান অ্যাক্সিডেন্ট কেয়ার’ নামে অভ্যন্তরীণ ভ্রমণ বীমা সেবা চালু করেছে। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে এ সেবা চালু করা হয়েছে।

সম্প্রতি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এমটিবির পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও শাখা ব্যাংকিং বিভাগের প্রধান এ কে এম তারেক এবং চিফ ডিজিটাল অফিসার খালিদ হোসেন। অন্যদিকে, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার (সিইবিও) সানিয়াত রহমান এবং ইভিপি ও হেড অব মাইক্রোইন্স্যুরেন্স, ডিজিটাল অ্যান্ড অল্টারনেটিভ ডিস্ট্রিবিউশন চ্যানেল আব্দুল হালিম। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

নতুন এ সেবার আওতায় ১৮ থেকে ৫৯ বছর বয়সী এমটিবি গ্রাহকরা ‘এমটিবি নিও’ অ্যাপের মাধ্যমে সহজেই বীমা সুবিধা গ্রহণ করতে পারবেন। গ্রাহকরা ১ থেকে ৩০ দিন মেয়াদে এ বীমা নিতে পারবেন। এর প্রিমিয়াম শুরু হচ্ছে মাত্র ১০ টাকা থেকে।

বীমা সুবিধার আওতায় দুর্ঘটনাজনিত মৃত্যু, দুর্ঘটনার কারণে হাসপাতালে ভর্তি এবং স্থায়ী পঙ্গুত্বের ক্ষেত্রে প্রতিটি খাতে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সুরক্ষা পাওয়া যাবে। এ উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের জন্য সহজ, সাশ্রয়ী ও প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি আরও জোরালো করেছে এমটিবি ও গার্ডিয়ান লাইফ। একই সঙ্গে দেশের অভ্যন্তরে দৈনন্দিন যাতায়াত ও ভ্রমণের সময় ব্যক্তিগত দুর্ঘটনা সুরক্ষার গুরুত্বও তুলে ধরা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, এ অংশীদারত্বের ফলে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে গ্রাহকদের জন্য দৈনন্দিন আর্থিক সেবার পাশাপাশি বীমা সুরক্ষা গ্রহণের সুযোগ আরও সহজ ও ঝামেলামুক্ত হবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.