চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও শি

বিশ্ব রাজনীতিতে নতুন কূটনৈতিক সমীকরণের ইঙ্গিত দিয়ে ত্রিপাক্ষিক বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী ১৯ নভেম্বর চীনের শেনঝেন শহরে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই বৈঠক।

শুক্রবার (১৩ নভেম্বর) ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস। তিনি তিন দেশের রাষ্ট্রপ্রধানদের এই আয়োজনকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরস্ত্রীকরণের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি ইরান ও উত্তর কোরিয়ার পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে। তবে ইউক্রেন যুদ্ধ আলোচনার আনুষ্ঠানিক এজেন্ডায় থাকার সম্ভাবনা কম।

এর আগে ট্রাম্প নিজেই পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তিনি বলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণসহ বিভিন্ন আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন তিন নেতা। ট্রাম্পের লক্ষ্য, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পাশাপাশি চীনকেও অন্তর্ভুক্ত করে একটি নতুন পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি করা।

এদিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্টের মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। ফলে বিশ্বের বৃহত্তম দুই পারমাণবিক শক্তিধর দেশের অস্ত্রভাণ্ডার নিয়ন্ত্রণে নতুন কোনো কাঠামো নেই। জাতিসংঘও দুই দেশকে নতুন চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, ১৮ ও ১৯ নভেম্বর শেনঝেনে অনুষ্ঠিতব্য এপিইসি সম্মেলনে যোগ দিতে ট্রাম্প বুধবার রাতে চীনে পৌঁছাবেন। বৃহস্পতিবার শি জিনপিংয়ের সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর পুতিনসহ তিন নেতার ত্রিপাক্ষিক বৈঠকের মধ্য দিয়ে চীন সফর শেষ করবেন তিনি। এর আগে মঙ্গলবার ফিলিপাইনে আসিয়ান সম্মেলনেও অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, এই বৈঠকে তাৎক্ষণিক কোনো চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নেই। তিন দেশের মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনাই বৈঠকের মূল লক্ষ্য হতে পারে। সূত্র: রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস ও দ্য নিউইয়র্ক টাইমস।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.