তুরস্কে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৫টা ৪০ মিনিটে তাঁকে ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর সঙ্গে দেশে ফিরেছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে ইস্তাম্বুল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় ফ্লাইটটি। এর আগে প্রধানমন্ত্রী আন্তালিয়া থেকে ইস্তাম্বুলে পৌঁছান। আন্তালিয়া বিমানবন্দরে তাঁকে বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ও রাষ্ট্রদূত সুবুতায় ইউকসেল।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গত ১০ নভেম্বর তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি কপ-৩১ ও আন্তালিয়া লিডার্স সামিটে অংশ নেন। সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দিয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন মেটাতে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব তুলে ধরেন তিনি। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোকে ঋণের পরিবর্তে অনুদান দেওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।
সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ডের সঙ্গে।
এ ছাড়া ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট এবং মলদোভা, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। ওআইসির মহাসচিব, লন্ডনের মেয়রসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী।
এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি ও অবকাঠামো খাতে সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা, কর্মসংস্থান সৃষ্টি ও কূটনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠকে রাজনৈতিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার পাশাপাশি মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে সহযোগিতা চান তিনি। চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে আলোচনায় জ্বালানি, ভারী শিল্প ও অবকাঠামো খাতে বিনিয়োগের বিষয়টি গুরুত্ব পায়।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ডের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর পাশাপাশি জলবায়ু অভিযোজন ও অভিবাসন বিষয়ে সহযোগিতা চান প্রধানমন্ত্রী। উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালু এবং ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়েও আলোচনা করেন তিনি।
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সম্মেলনের একটি পার্শ্ববৈঠকে অংশ নিয়ে বর্জ্যকে সম্পদ ও জ্বালানিতে রূপান্তরের বিষয়ে বাংলাদেশের নীতিগত উদ্যোগ তুলে ধরেন। এ ক্ষেত্রে কারিগরি সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তিনি।
সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান বিশ্বনেতাদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আয়োজিত নৈশভোজে অংশ নেন। এ ছাড়া ডা. জুবাইদা রহমান ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আয়োজিত মধ্যাহ্নভোজেও যোগ দেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.