ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ সহকারি প্রক্টরের পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচজন সহকারি প্রক্টর পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে দুইজন বুধবার এবং তিনজন বৃহস্পতিবার পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন প্রো-ভিসি অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

এই পাঁচজন সহকারি প্রক্টর হলেন- আরবি বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম।

তিনি জানান, এই পাঁচজন সহকারি প্রক্টরই পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। তাদের পদত্যাগের জন্য প্রশাসন থেকে চাপ দেওয়া হয়েছিল কিনা, এমন এক প্রশ্ন নাকচ করে দেন তিনি।

প্রো-ভিসি অধ্যাপক আলফেছানী বলেন, আমরা প্রশাসন থেকে আমাদের সম্মানিত শিক্ষক যারা বেশ কয়েক বছর যাবত এসিসট্যান্ট প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাদের ওপর আমরা কোন ধরনের চাপ প্রয়োগ বা কোন ধরনের অনুরোধ করিনি । এই সহকারি প্রক্টররা গতকাল পর্যন্ত খুব ভালোভাবে কাজ করেছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করেছেন বলেও জানান তিনি।

তাদের বিরুদ্ধে প্রশাসনের কোন অভিযোগ নেই বলেও জানান তিনি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.