সারের ডিলার নিয়োগ প্রশ্নে উত্তপ্ত সংসদ

সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ নিয়ে জাতীয় সংসদে হট্টগোল হয়েছে।

বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদ সদস্য মো. নুরুল আমীনের লিখিত প্রশ্নের পর সম্পূরক প্রশ্ন করেন বিরোধী দলের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

এ সময় তিনি অভিযোগ করেন, সারের ডিলার নিয়োগে সংসদ সদস্যদের আত্মীয়-স্বজনদের প্রাধান্য দেওয়া হয়েছে। সারের ডিলারের ২৮ জনই বিএনপি। তার মধ্যে ১০ জন হচ্ছেন নেতার স্ত্রী, নেতার সন্তান, নেতার ভাগনি। এ নিয়ে কৃষিমন্ত্রীর কাছে ব্যাখ্যা দাবি করেন তিনি।

জবাবে আমিন উর রশিদ বলেন, সংসদ সদস্য অনেকগুলো প্রশ্ন করেছেন, তার ভেতরে মূল জিনিস যেটা আসছে, সেটা হলো প্রথম উনি বলেছেন সারের ডিলার নিয়ে উৎসব হয়েছে। আমরা তো চাই এটা উৎসব হোক। উৎসবের মতো করে মানুষ নিক। আমরা তো এটাই চাই।

মন্ত্রীর এই মন্তব্যের পরই হৈচৈ শুরু করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। মন্ত্রী কথা বলার সময়ও হট্টগোল চালিয়ে যান তারা।

এ সময় মন্ত্রী বলেন, উৎসবকে আমি ভালো অর্থে বুঝি। উৎসব খারাপ অর্থে যদি চিন্তা করেন…’ এ সময় বিরোধী দলের সদস্যরা হৈচৈ করতে থাকেন।

একপর্যায়ে ডেপুটি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন মন্ত্রী। তিনি বলেন, সারের ডিলার কীভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে… আমি আশা করব, আমি নতুন মন্ত্রী। এই কথা বলতে লাগলে সাইড টক করলে একটু অসুবিধা হয়। আপনার কাছে আমি এটা চাই যেন সাইড টক না করে। আমার জবাব যদি অপছন্দ হয়, আরেকটা প্রশ্ন করবেন, আরেকটা জবাব দেব অসুবিধা নেই।

মন্ত্রীর বক্তব্য শেষ হলেও সংসদে উত্তেজনা কমেনি। উচ্চস্বরে চেঁচামেচি চলতে থাকে। এ সময় বিরোধী দলের সংসদ সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.