ট্রাম্পের কোম্পানির শেয়ারে বড় ধস, বিনিয়োগকারীদের পুঁজি উধাও ২২০ কোটি ডলার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের শেয়ারে বড় ধরনের ধস নেমেছে। এতে কোম্পানিটির সাধারণ বিনিয়োগকারীদের সম্মিলিত লোকসান দাঁড়িয়েছে ২২০ কোটি ডলারের বেশি। তবে শেয়ারের দরপতনের পরও কোম্পানিটিতে ট্রাম্পের নিজের শেয়ারের বাজারমূল্য রয়েছে প্রায় ৪৬ কোটি ডলার।

বার্তা সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে কোম্পানিটির শেয়ারের দাম বাড়বে—এমন প্রত্যাশায় তাঁর অনেক সমর্থক প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করেছিলেন। কিন্তু প্রত্যাশার বিপরীতে শেয়ারের দাম ক্রমাগত কমতে থাকায় বড় অঙ্কের লোকসানে পড়েছেন তাঁরা।

তাঁদের একজন টেক্সাসের ৫২ বছর বয়সী বাসিন্দা স্কে জারজেনস্কে। নিজের মোট সম্পদের ২০ শতাংশ তিনি ট্রাম্প মিডিয়ায় বিনিয়োগ করেছিলেন। বর্তমানে তাঁর বিনিয়োগের মূল্য কমেছে ৮৮ দশমিক ৫ শতাংশ। হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘নিজের বিনিয়োগ এভাবে কমতে দেখা সত্যিই কষ্টের।’

মূলত কোম্পানিটির সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল প্রত্যাশিত ব্যবসায়িক সাফল্য না পাওয়া এবং ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের মূল্য কমে যাওয়ায় শেয়ারের ওপর চাপ তৈরি হয়েছে।

গত তিন বছর ধরে ট্রাম্প মিডিয়ার বার্ষিক আয় প্রায় ৪০ লাখ ডলারের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। অন্যদিকে, ট্রুথ সোশ্যালের স্ট্রিমিং সেবা চালু করতে ২০ কোটি ডলারের বেশি ব্যয় হলেও ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত এ সেবা থেকে আয় হয়েছে মাত্র ৬ লাখ ৩০ হাজার ডলার।

এর মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর কোম্পানিটির শেয়ারের দরপতন আরও তীব্র হয়েছে। নির্বাচনের পর থেকে শেয়ারটির দাম প্রায় ৩২ শতাংশ কমেছে।

রয়টার্সের হিসাব অনুযায়ী, ট্রাম্প মিডিয়ার বাইরের বিনিয়োগকারীদের সম্মিলিত লোকসানের পরিমাণ ২২০ কোটি ডলারের বেশি। কোম্পানির আর্থিক নথি, শেয়ার লেনদেন ও বাজারদরের ভিত্তিতে এ হিসাব করা হয়েছে।

অন্যদিকে, ট্রাম্পের হাতে রয়েছে কোম্পানিটির ১১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার শেয়ার। ২০২৪ সালে কোম্পানির একীভূতকরণের সময় কোনো নগদ অর্থ ব্যয় ছাড়াই এসব শেয়ারের মালিক হন তিনি।

বৃহস্পতিবার প্রতিটি শেয়ারের দাম ৪ দশমিক ০২ ডলারে নেমে এলেও ট্রাম্পের মালিকানাধীন শেয়ারগুলোর বাজারমূল্য রয়েছে প্রায় ৪৬ কোটি ডলার। একসময় এসব শেয়ারের মূল্য ছিল ৬০০ কোটি ডলারের বেশি।

শেয়ারের দরপতনে হতাশ হয়ে পড়েছেন ট্রাম্পের অনেক সমর্থকও। কলোরাডোর ৬৪ বছর বয়সী নার্স প্যাট্রিসিয়া স্পোয়েরল অবসরের সঞ্চয় বাড়ানোর আশায় কোম্পানিটির শেয়ার কিনেছিলেন। বর্তমানে তাঁর লোকসানের পরিমাণ প্রায় ২৮ হাজার ডলার।

তিনি বলেন, ‘ঝুঁকি আছে জানতাম। কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর পরিস্থিতি ভালো হবে বলে আশা করেছিলাম।’

তবে বিনিয়োগকারীদের লোকসানের হিসাব নিয়ে আপত্তি জানিয়েছে ট্রাম্প মিডিয়া। প্রতিষ্ঠানটির দাবি, রয়টার্সের হিসাব বাজারের প্রকৃত পরিস্থিতি তুলে ধরছে না। কোম্পানিটি আরও জানিয়েছে, তাদের আর্থিক ভিত্তি শক্তিশালী এবং ভবিষ্যতে শেয়ারহোল্ডারদের জন্য মূল্য তৈরিতে কাজ করছে।

এদিকে, শেয়ারের দরপতন অব্যাহত থাকায় ট্রাম্পের প্রতি রাজনৈতিক সমর্থন থাকলেও নিজেদের বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.