ডেমোক্র্যাটদের জয়ে চাপে প্রযুক্তি খাতের শেয়ার, মার্কিন পুঁজিবাজারে মিশ্র প্রতিক্রিয়া

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের আভাসে দেশটির পুঁজিবাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে। বুধবার (৪ নভেম্বর) দিনের শুরুতে এসঅ্যান্ডপি ৫০০ ও নাসডাকের ফিউচার দর কমলেও ডাও জোন্সের ফিউচার বেড়েছে। নির্বাচনের ফলের প্রভাবে বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডেটা সেন্টার-সংশ্লিষ্ট কোম্পানির শেয়ার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে।

বাজারের তথ্য অনুযায়ী, এসঅ্যান্ডপি ৫০০ সূচকের ফিউচার ০ দশমিক ২১ শতাংশ এবং নাসডাক-১০০-এর ফিউচার ০ দশমিক ৩০ শতাংশ কমেছে। বিপরীতে ডাও জোন্সের ফিউচার ২৯ পয়েন্ট বা ০ দশমিক ০৬ শতাংশ বেড়েছে। তবে লেনদেনের একপর্যায়ে সূচকগুলোর ফিউচার আগের সর্বনিম্ন অবস্থান থেকে কিছুটা ঘুরে দাঁড়ায়।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) পূর্বাভাস অনুযায়ী, কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ—উভয় জায়গাতেই সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। পাশাপাশি টেক্সাসের গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসার জয়ও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। তিনি রিপাবলিকান দলীয় বর্তমান গভর্নর গ্রেগ অ্যাবটকে পরাজিত করেছেন বলে এপি জানিয়েছে। হিনোজোসা গুরুত্বপূর্ণ প্রযুক্তি অঞ্চলটিতে নতুন ডেটা সেন্টার নির্মাণে সাময়িক নিষেধাজ্ঞার প্রতিশ্রুতি দিয়েছেন।

ওয়াল স্ট্রিটের একাংশের আশঙ্কা, কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটদের বড় ব্যবধানে জয় এআই খাতের সম্প্রসারণে বাধা তৈরি করতে পারে। বিশেষ করে দেশজুড়ে ডেটা সেন্টার নির্মাণে নতুন বিধিনিষেধ আরোপের সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন বিনিয়োগকারীরা। এরই মধ্যে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর ডেটা সেন্টারে বিনিয়োগের গতি কমতে পারে—এমন আশঙ্কায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে এআই-সংশ্লিষ্ট শেয়ারে দরপতন হয়েছে।

রাতের লেনদেনে মাইক্রোসফট, অ্যামাজন ও এনভিডিয়ার শেয়ারদর কমেছে। ইলন মাস্কের মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের শেয়ার ৪ দশমিক ৬ শতাংশ এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলার শেয়ার ৪ দশমিক ১ শতাংশ কমেছে। ডেটা সেন্টার অবকাঠামো খাতের কোম্পানি কোরউইভের শেয়ার কমেছে ৩ দশমিক ২ শতাংশ। অন্যদিকে অ্যালফাবেটের দর কমেছে প্রায় ০ দশমিক ৬ শতাংশ।

অ্যামেরিপ্রাইজ ফাইন্যান্সিয়ালের প্রধান বাজার কৌশলবিদ অ্যান্থনি সাগলিমবেন বলেন, প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের জয় এবং সিনেটেও সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা বাড়ার সঙ্গে সঙ্গে শেয়ারবাজার নিম্নমুখী হয়েছে। তাঁর মতে, কয়েকটি অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট গভর্নর নির্বাচিত হলে ডেটা সেন্টার নির্মাণ এবং বড় প্রযুক্তি কোম্পানিগুলোর বিনিয়োগ পরিকল্পনায় কী প্রভাব পড়বে, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।

তবে সব খাতে একই ধরনের প্রভাব দেখা যায়নি। ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা এলে ট্রাম্প প্রশাসনের নবায়নযোগ্য জ্বালানি খাতবিরোধী নীতিতে পরিবর্তন আসতে পারে—এমন প্রত্যাশায় সৌরবিদ্যুৎ খাতের শেয়ারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। রাতের লেনদেনে ইনভেসকো সোলার ইটিএফের দর ৩ শতাংশ বেড়েছে।

এদিকে নির্বাচনের ফল নিয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নাল-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করা এবং ভালো সম্পর্ক বজায় রাখা সম্ভব হবে। নির্বাচনের ফল চ্যালেঞ্জ না করার বিষয়ে তাঁর এ অবস্থান রাতের লেনদেনে বাজারের ওপর চাপ কিছুটা কমাতে ভূমিকা রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.