যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দুই কক্ষেই চাপে ট্রাম্পের দল

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। প্রতিনিধি পরিষদ ও সিনেট—কংগ্রেসের দুই কক্ষের প্রাথমিক ফলাফলে বিরোধী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থীদের তুলনায় পিছিয়ে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির প্রার্থীরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার লাইভ ফলাফল অনুযায়ী, প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে প্রাথমিকভাবে ডেমোক্র্যাটরা ৩৫টি আসনে জয় নিশ্চিত করেছেন। এ ছাড়া দলটির প্রার্থীরা আরও ৯০টি আসনে এগিয়ে রয়েছেন। অন্যদিকে রিপাবলিকানরা ১৫টি আসনে জয় পেয়েছেন এবং ৭১টি আসনে এগিয়ে আছেন। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ২১৮টি আসন।

এদিকে সিনেটের ১০০টি আসনের মধ্যে এবারের নির্বাচনে ভোট হচ্ছে ৩৫টিতে। প্রাথমিক ফলাফলে ডেমোক্র্যাটরা ৪৩টি আসন নিশ্চিত করার পাশাপাশি সাতটিতে এগিয়ে রয়েছেন। বিপরীতে রিপাবলিকানরা ৩১টি আসনে জয় পেয়েছেন এবং ছয়টিতে এগিয়ে আছেন। সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন অন্তত ৫১টি আসন। বর্তমানে এ কক্ষে রিপাবলিকানদের ৫৩টি এবং ডেমোক্র্যাটদের ৪৭টি আসন রয়েছে।

এবারের নির্বাচনে যুক্তরাষ্ট্রে নিবন্ধিত প্রায় ২১ কোটি ভোটারের মধ্যে প্রায় ৫ কোটি ৮০ লাখ ভোটার সরাসরি আগাম ভোট ও ডাকযোগে ভোট দিয়েছেন।

নির্বাচন চলাকালে নর্থ ক্যারোলাইনার চারটি কাউন্টির পাঁচটি ভোটকেন্দ্রে গোলযোগের কারণে ভোটগ্রহণের সময় বাড়াতে হয়েছে। এ ছাড়া হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান মার্কওয়েইন মুলিন জানিয়েছেন, নির্বাচনের পর ভোট জালিয়াতির অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবে ট্রাম্প প্রশাসন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলে ট্রাম্প প্রশাসনের নীতি নির্ধারণ ও আইন প্রণয়নের পরিকল্পনা বাধার মুখে পড়তে পারে।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.