রাজধানীতে বাস-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল ৪ জনের

রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। দুর্ঘটনায় আর কেউ আহত হননি বলে জানা গেছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে নবাবেরবাগ উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে ঘটনাস্থলেই চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। মরদেহ শাহ আলী থানার উপপরিদর্শক আরিফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুর্ঘটনার পর ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.