মিরপুরে আজও পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

মাসিক মজুরি ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে কয়েকটি সড়ক অবরোধ করেছেন তৈরি পোশাকশ্রমিকেরা। এতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন অফিসগামী চাকরিজীবীরা।

রবিবার সকাল ৯টার দিকে বিভিন্ন পোশাক কারখানার শতাধিক শ্রমিক রাস্তায় নেমে আসেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর ট্রাফিক বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, শ্রমিকদের বিক্ষোভের কারণে মিরপুর-১০, মিরপুর-১১ ও মিরপুর-১৪ ছাড়াও কয়েকটি এলাকায় যান চলাচল ব্যাহত হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ সদস্যরা কাজ করছেন।

এ বিষয়ে মিরপুর জোন ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মাহফুজুল হক বকশী জানান, পোশাক শ্রমিকেরা আজও সড়ক অবরোধ করেছেন। এর ফলে বর্তমানে মিরপুর-১০ নম্বর দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। তবে ডাইভারশন দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এর আগে গতকাল (৩১ অক্টোবর) বেতন বাড়ানোর দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। সেদিন দুপুরের দিকে তারা মিরপুর ১০ নম্বর এলাকা থেকে সরে শাহ আলী এলাকায় জড়ো হন। বেলা ২টার পর শাহ আলী এলাকার একটি পোশাক কারখানার নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ ঘটে। একপর্যায়ে শ্রমিকেরা কারখানা ও একটি বিপণিবিতানে ভাঙচুর চালান। পরে বেলা ৩টা ২০ মিনিটের দিকে পল্লবী থানার কালশী আদর্শনগর এলাকার ‘২২ তলা’ পোশাক কারখানাতেও ইটপাটকেল নিক্ষেপ করেন তারা।

গতকাল রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে শ্রমিকদের আন্দোলন প্রত্যাহার করে কাজে ফেরার আহ্বান জানিয়ে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছিলেন, ‘শ্রমিকদের দাবি পূরণে সরকার উদ্যোগ নিয়েছে।’ পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আজ বোর্ড গঠন করা হবে বলেও তিনি জানিয়েছিলেন। প্রতিমাসের ৭ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন প্রদান এবং যত দ্রুত সম্ভব বকেয়া বেতন পরিশোধের বিষয়ে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা মালিকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন, জানান আরিফুল।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.