চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রীর ফল ঘোষণার পরপরই দেশের সব শিক্ষা বোর্ডের ফলাফল একযোগে অনলাইন ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে প্রকাশ করা হবে।
আন্তশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে ফলাফল ডাউনলোড করতে পারবে। পরীক্ষার্থীরাও এসব ওয়েবসাইটের পাশাপাশি নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে ফল জানতে পারবেন। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।
এসএমএসে ফল জানার নিয়ম
মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে HSC লিখে একটি স্পেস দিতে হবে। এরপর বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর, একটি স্পেস দিয়ে রোল নম্বর এবং সবশেষে পরীক্ষার বছর লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
উদাহরণ: HSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।
এবার পরীক্ষায় রেকর্ডসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ ছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়ার অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনের ঘটনাও ঘটে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.