এক দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এ দাম বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৪ হাজার ২৯১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫০ হাজার ৫৮২ টাকা।

বাজুস জানিয়েছে, সোনার গয়না বিক্রির ক্ষেত্রে নির্ধারিত দামের সঙ্গে নকশাভেদে মজুরি যুক্ত হবে। তবে অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছিল বাজুস। ফলে এক দিনের ব্যবধানে আবারও দাম বাড়ল মূল্যবান এ ধাতুর।

বাজুসের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১২৮ দফায় সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬২ বার দাম বাড়ানো হয়েছে, ৬৫ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, গত বছর মোট ৯৩ দফায় সোনার দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.