নজরুলের সাম্যবাদী দর্শন নিয়ে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী চিন্তা, মানবমুক্তির দর্শন ও সমকালীন সমাজে তাঁর আদর্শের প্রাসঙ্গিকতা নিয়ে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শেখ কবির হোসেন সেমিনার হলে ‘নজরুলের সাম্যবাদী দর্শন’ শীর্ষক এ আয়োজন করা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মোস্তফা কামাল।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ ড. মো. মুঞ্জুর-ই-খোদা তরফদার। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন।

মূল প্রবন্ধে নজরুলের সাম্যবাদী ভাবনা, শ্রেণিবৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের বিষয়গুলো তুলে ধরা হয়। পাশাপাশি শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে তাঁর প্রতিবাদী অবস্থান নিয়েও আলোচনা করা হয়।

বক্তারা বলেন, নজরুলের সাহিত্য ও দর্শন তাঁর সময়ের সামাজিক বাস্তবতাকে তুলে ধরার পাশাপাশি সমতা, সম্প্রীতি, অসাম্প্রদায়িকতা ও মানবমুক্তির চিরন্তন বার্তা বহন করে। এসব আদর্শ বর্তমান সমাজেও সমানভাবে প্রাসঙ্গিক।

আলোচনায় বক্তারা আরও বলেন, মানুষের মধ্যে বিভেদ দূর করে ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় নজরুলের সাম্যবাদী দর্শন গুরুত্বপূর্ণ প্রেরণা হিসেবে কাজ করতে পারে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও সমতার চেতনা বিকাশে তাঁর জীবন, সাহিত্য ও দর্শনের ভূমিকা উল্লেখযোগ্য।

নজরুলের অসাম্প্রদায়িক ও সাম্যবাদী আদর্শ ধারণ করে জ্ঞানচর্চা এবং সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্ব দেন বক্তারা।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.