খাদ্যে ভেজাল ও স্বাস্থ্যখাতে দুর্নীতি বন্ধের আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, খাদ্যে ভেজাল ও স্বাস্থ্যখাতে দুর্নীতি বন্ধ না হলে অসুস্থতা প্রতিরোধ যাবে না। শুধু ডায়ালিসিস মেশিন কিনে বা হাসপাতাল নির্মাণ করে মানুষের অসুস্থতা ঠেকানো সম্ভব নয়। এ জন্য ভেজালমুক্ত খাদ্য নিশ্চিতের পাশাপাশি স্বাস্থ্যখাতে দুর্নীতি বন্ধ করতে হবে।

মঙ্গলবার বিশ্ব আয়োডিন দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), গেইন, নিউট্রিশন ইন্টারন্যাশনাল এবং শিল্প ও স্বাস্থ্য মন্ত্রণালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি খাদ্যে ভেজাল প্রতিরোধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।

স্বাস্থ্যখাতের দুর্নীতি প্রসঙ্গে ড. মুহিত বলেন, আগামী কয়েক দিনের মধ্যে এ খাতে ১৬ হাজার কোটি টাকার দরপত্র আহ্বান করা হবে। প্রতিটি টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।

প্রধানমন্ত্রী ও বর্তমান সরকার দুর্নীতিকে বিন্দুমাত্র প্রশ্রয় দেবে না উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি যত শক্তিশালীই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। জনগণের চিকিৎসার জন্য বরাদ্দ করা অর্থ দুর্নীতির কারণে নষ্ট হতে দেওয়া হবে না।

আয়োডিনের ঘাটতি মোকাবিলায় অগ্রগতির কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সম্মিলিত প্রচেষ্টায় আয়োডিনযুক্ত লবণের ব্যবহার বাড়ায় বুদ্ধি বিকাশজনিত সমস্যা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব হয়েছে। তবে ২০২৬ সালের সমীক্ষা অনুযায়ী, এখনও দেশের প্রায় ১২ শতাংশ মানুষ আয়োডিনবিহীন লবণ ব্যবহার করছেন। এই জনগোষ্ঠীকে চিহ্নিত করে তাদের কাছে আয়োডিনযুক্ত লবণ পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি আরও বলেন, প্রতিবন্ধী শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। পুষ্টিহীনতায় ভোগা এসব শিশুকে মূলধারার পুষ্টি ও স্বাস্থ্য কর্মসূচির আওতায় আনতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.