কাটিরহাটে ঢাকা ব্যাংকের ৪১তম উপশাখার উদ্বোধন

চট্টগ্রামের হাটহাজারীর কাটিরহাটে নতুন উপশাখা চালু করেছে ঢাকা ব্যাংক পিএলসি। গ্রাহকদের কাছে সহজ, দ্রুত ও আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ব্যাংকটির হাটহাজারী শাখার অধীনে এ উপশাখা চালু করা হয়েছে। এটি ঢাকা ব্যাংকের ৪১তম উপশাখা।

রোববার (২৫ অক্টোবর) কাটিরহাট উপশাখার উদ্বোধন করেন ঢাকা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শাহনেওয়াজ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের জ্যেষ্ঠ নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম এবং নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও সাধারণ সেবা বিভাগের প্রধান মো. আলতামাস নির্ঝর। এ ছাড়া আশপাশের বিভিন্ন শাখা ও উপশাখার ব্যবস্থাপক, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কাটিরহাট উপশাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে স্থানীয় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাটিরহাট মাদরাসা পরিচালনা কমিটির সহসভাপতি মো. রাশেদুল আলম, ধলই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী ও আলমগীর জামান এবং অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের জ্যেষ্ঠ পরামর্শক চিকিৎসক মাহবুবুল আলম চৌধুরী। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এ কে এম শাহনেওয়াজ বলেন, ‘একসঙ্গে পরিবর্তন’—ঢাকা ব্যাংকের এ লক্ষ্য সামনে রেখে দেশজুড়ে শাখা ও উপশাখার নেটওয়ার্ক সম্প্রসারণ করা হচ্ছে। একই সঙ্গে গ্রাহকসেবার মান বজায় রাখা, গ্রাহকদের সঙ্গে সম্পর্ক জোরদার, উদ্ভাবনী ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনে ব্যাংকটি কাজ করছে।

তিনি আরও বলেন, কাটিরহাট উপশাখার উদ্বোধন ব্যাংকের ধারাবাহিক অগ্রযাত্রায় নতুন সংযোজন। এর মাধ্যমে স্থানীয় গ্রাহকদের কাছে ব্যাংকিং সেবা আরও সহজে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.