দাম্মাম বিমানবন্দরে হামলায় নিহত ২, আহত ৮

সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়িয়েছে। নিহতদের একজন সৌদি নাগরিক, অন্যজন ভারতীয় নাগরিক। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার বিমানবন্দরটিতে এ হামলা হয়।

এর আগে সৌদি আরবের শায়বাহ তেলক্ষেত্রে সৌদি আরামকোর একটি স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা প্রতিহত করার কথা জানায় দেশটির জ্বালানি মন্ত্রণালয়।

সৌদি আরবের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিক হামলার মধ্যে সর্বশেষ এ ঘটনা ঘটল। হুতি বাহিনী ও সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের মধ্যে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে এসব হামলা চালানো হচ্ছে।

এদিকে, হামলার আশঙ্কায় সৌদি আরবে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশনগুলো থেকে কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসও সম্ভাব্য হামলা নিয়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছে।

(সূত্র: চ্যানেল ২৪, আল জাজিরা)

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.