মণিপুরে নতুন করে সহিংসতা, নিহত ৪

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। সোমবার গভীর রাতে দুটি পৃথক ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। পরিস্থিতির কারণে রাজ্যের রাজধানী ইম্ফল শহরের স্বাভাবিক কার্যক্রমও প্রায় অচল হয়ে পড়েছে।

প্রথম ঘটনাটি ঘটেছে মেইতেই ও পাঙ্গাল মুসলিম সম্প্রদায়-অধ্যুষিত একটি এলাকায়। সেখানে একটি সংগীতানুষ্ঠান চলাকালে হঠাৎ পাথর ছোড়াছুড়ি ও গোলাগুলি শুরু হয়। এতে বেশ কয়েকজন আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়।

দ্বিতীয় ঘটনাটি ঘটেছে ইম্ফল পূর্ব জেলার খামেনলক এলাকায়। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, কাঠ সংগ্রহ করতে পাহাড়ে যাওয়া কয়েকজন গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। সন্দেহভাজন উপজাতীয় উগ্রপন্থীদের এ হামলায় ঘটনাস্থলেই তিন গ্রামবাসী নিহত হন। আহত হন আরও তিনজন।

হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা নিহত ব্যক্তিদের মরদেহ নিয়ে ইম্ফলে মুখ্যমন্ত্রীর উচ্চ নিরাপত্তাবেষ্টিত সরকারি বাংলোর সামনে গিয়ে বিক্ষোভ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

এদিকে, সহিংসতার জেরে রাজ্যের বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ও দোকানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। সোমবার (১৯ অক্টোবর) ভারতীয় রেড ক্রসের কর্মীরা থাওবল জেলার চিরাপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

নতুন করে এই সহিংসতায় মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.