কানাডায় সামরিক ঘাঁটিতে ‘ভয়াবহ অগ্নিকাণ্ড’, বহু হতাহতের শঙ্কা

কানাডার আলবার্টায় সামরিক বাহিনীর একটি প্রশিক্ষণ ঘাঁটিতে ‘ভয়াবহ অগ্নিকাণ্ডে’র ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যমের খবরে দাবি করা হচ্ছে।

তবে কানাডা সরকারের পক্ষ থেকে হতাহতের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

কানাডার সশস্ত্র বাহিনী (সিএএফ) জানিয়েছে যে, আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির মাত্রা মূল্যায়ন করা হচ্ছে। মূল্যায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত হতাহতদের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না।

শনিবার স্থানীয় সময় বিকাল চারটার দিকে ওই ঘাঁটিতে আগুন লেগেছিল বলে জানানো হয়েছে।

কানাডিয়ান টিভি নেটওয়ার্ক গ্লোবাল নিউজ নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গোলাবর্ষণের প্রশিক্ষণ মহড়া চলাকালে একটি গোলা গিয়ে সেখানকার একটি গ্যাসলাইনে আঘাত হানে। এতে অন্তত সাতজন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন বলে দাবি করেছে গণমাধ্যমটি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.